চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ‘নো ম্যানস ল্যান্ড’ এলাকায় ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গাছ কাটা নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন- বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক।
শনিবার ( ১৮ জানুয়ারি ) বেলা ১২টার দিকে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। বেলা তিনটায় এ রিপোর্ট লেখার সময়ও সংঘর্ষ চলছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
ভারত সীমান্তের নাগরিকরা বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোঁটা ও হাসুয়া নিয়ে সীমান্ত অবস্থান করছে।