কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে খিদমাতুল ইসলাম পরিষদ। এর অংশ হিসেবে শিক্ষিত সমাজের মধ্যে ঈমানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে ‘ঈমান সবার আগে’ বই বিতরণ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
শুক্রবার (২০ নভেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাশার গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জুমার নামাজের আগে ঈমানের গুরুত্ব, মর্যাদা ও মানবজীবনের বিভিন্ন ক্ষেত্রে এর অপরিহার্যতা নিয়ে আলোচনা করেন খিদমাতুল ইসলাম পরিষদের সভাপতি মাওলানা সাদ উদ্দীন। আলোচনা শেষে মুসল্লিদের মধ্যে জাতীয় খতিব ফকিহ মুফতি মুহাম্মাদ আবদুল মালেক রচিত ‘ঈমান সবার আগে’ বইটি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের সর্বস্তরে ঈমানি চেতনা জাগ্রত করা এবং বিশুদ্ধ দ্বীনি জ্ঞানের প্রসারে এ বই বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
উল্লেখ্য, শিক্ষা, সেবা, দাওয়াহ ও গবেষণামূলক কার্যক্রমের পরিধি বাড়াচ্ছে খিদমাতুল ইসলাম পরিষদ। এতদিন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করলেও এবার পার্শ্ববর্তী চৌদ্দগ্রামেও সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরো কুমিল্লা জেলায় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের দায়িত্বশীলরা।
তাদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে বৃহত্তর এলাকায় দ্বীনি সচেতনতা বৃদ্ধি পাবে এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি মানুষ সম্পৃক্ত হবেন।
এসএইচ/