গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আবুল কালাম শেখ। ব্যক্তিগত কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তবে গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে তাঁর পদত্যাগের ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে কান্দি ইউনিয়ন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ব্যক্তিগত কারণে সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। এ কারণে প্রায় তিন মাস আগেই তিনি দায়িত্বশীল নেতাদের কাছে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন।
তিনি বলেন, এর আগে মৌখিকভাবে পদত্যাগের বিষয়টি জানালেও এলাকার সাধারণ মানুষ তা অবগত ছিলেন না। তাই সবার জানার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ থেকে তিনি আর কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্বে থাকছেন না।
পদত্যাগের পেছনে কোনো ধরনের চাপ, ভয়ভীতি কিংবা রাজনৈতিক প্রভাবের অভিযোগ নাকচ করে আবুল কালাম শেখ বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত ও নিজস্ব বিবেচনা থেকেই তিনি দলীয় দায়িত্ব ছেড়েছেন। দায়িত্বে থেকে সংগঠনের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে না পারার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে দলটির নেতাকর্মীদের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, বিএনপির সংসদ সদস্যদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এমন রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে কান্দি ইউনিয়ন জামায়াত সভাপতির পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা এলেও আবুল কালাম শেখ তাঁর সিদ্ধান্তের সঙ্গে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন।
এসএইচ/