নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইয়ের সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড প্রচারের অভিযোগ করেছে দলটি। বক্তব্যের খণ্ডিত অংশ তুলে ধরে তাঁকে আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বানকারী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে ইসলামী আন্দোলন।
দলটি বলছে, পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল দেশের চলমান অস্থিতিশীলতা, সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করা এবং জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। তাঁর বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে ভিন্ন অর্থ দাঁড় করানো মূল বক্তব্যের প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শুক্রবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ উদ্বেগ জানিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।
কেন্দ্রীয় সদস্য কেএম শরীয়াতুল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, পীর সাহেব চরমোনাই তাঁর বক্তব্যে আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন। এসব কর্মকাণ্ডে দেশ ও জনগণের অপূরণীয় ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
এতে আরও বলা হয়, রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে। কোনো দল বা গোষ্ঠীর কর্মকাণ্ডে দেশ, জনগণ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে তা গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথাও বলেছেন তিনি।
বিবৃতিতে স্পষ্ট করা হয়, পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্যের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা নয়; বরং দেশের অস্থিতিশীলতা ও সহিংসতা বন্ধ করে জনগণের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা। বক্তব্যের শেষাংশে তিনি বলেছেন, ‘আমাদের কাজ হতে হবে ইসলাম ও দেশের স্বার্থে; কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়।’
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও মূলভাব বিবেচনায় নেওয়া উচিত। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে তুলে ধরে বিভ্রান্তিকর শিরোনাম বা ফটোকার্ড তৈরি করা থেকে বিরত থাকতে হবে। ইতোমধ্যে যেসব গণমাধ্যমে এ ধরনের শিরোনাম ও ফটোকার্ড প্রকাশিত হয়েছে, সেগুলো সংশোধন করে বক্তব্যের যথাযথ অর্থ ও প্রেক্ষাপট তুলে ধরার অনুরোধ জানানো হয়।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার, অপব্যাখ্যা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে সেই মতপার্থক্যের কারণে কারও বক্তব্য বিকৃত করা কিংবা জনমনে বিভ্রান্তি ছড়ানো কাম্য নয়। দেশের স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত রাখবে।
এসএইচ/