নিজস্ব প্রতিবেদক
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ছাত্র সংসদ ‘রাহমানিয়া ছাত্র কাফেলা’র ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জামিয়ার ছাত্র মিলনায়তন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদিস আল্লামা বাহাউদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, ‘আমি জামিয়া রাহমানিয়ার প্রতিষ্ঠাকালীন ছাত্র। শুরু থেকেই দেখেছি, পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে তৎকালীন মুরুব্বিরা ছাত্র কাফেলা গড়ে তোলেন। আমরাও দায়িত্ব গ্রহণের পর কাফেলার কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে এগিয়ে নিয়েছি।’
তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া, আমল ও আখলাকের উন্নয়ন যেন ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। ছাত্র কাফেলার সাবেক দায়িত্বশীলরা বর্তমানে দেশের বিভিন্ন মাদরাসা ও মসজিদ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
জামিয়ার নায়েবে মুহতামিম মুফতি আশরাফুজ্জামান বলেন, চার দশকের পথচলায় রাহমানিয়া ছাত্র কাফেলা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও সাংগঠনিক দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ধরনের আয়োজন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
দিনব্যাপী আয়োজনে সংগঠনটির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা, পুরস্কার বিতরণী ও নাশিদ সন্ধ্যার আয়োজন করা হয়। এ ছাড়া জামিয়ার সাত মসজিদ চত্বরে চলছে তিন দিনব্যাপী বইমেলা। এতে বিভিন্ন প্রকাশনী অংশ নিয়েছে। বইমেলায় পাঠকদের সাড়া ও বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আয়োজকদের আশা, এ পুনর্মিলনীর মধ্য দিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে দ্বীনি শিক্ষা, আদর্শিক চর্চা ও সাংগঠনিক ঐতিহ্য ধরে রাখতে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে।
এসএইচ/