শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী আওয়ার ইসলামের সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা

বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি

দারুল উলুম দেওবন্দের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে সম্মানসূচক পাগড়ি পেয়েছিলেন মুফতি মুহিউদ্দীন রহ.। কিন্তু পাগড়িটি হাতে নিয়েই তাঁর মনে পড়ে যায় প্রিয় উস্তাদ মুফতি মুহাম্মদ শফী রহ.-এর কথা। উস্তাদের জীবদ্দশায় তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়নি—এই আক্ষেপ তাঁকে এতটাই ব্যথিত করেছিল যে, উস্তাদের ছেলে মুফতি মুহাম্মদ তাকী উসমানীকে অনুরোধ করেন, তিনি যেন নিজের হাতে পাগড়িটি পরিয়ে দেন। বলেন, এতে তিনি মনে সান্ত্বনা পাবেন, যেন উস্তাদ নিজেই তাঁকে পাগড়ি পরিয়ে দিয়েছেন।

বাংলাদেশের প্রখ্যাত আলেম, বড়কাটারা মাদরাসার সাবেক মুহাদ্দিস মুফতি মুহিউদ্দীন রহ.-এর উস্তাদপ্রেম, বিনয়, ইলমি খেদমত ও বর্ণাঢ্য জীবনের এমনই কিছু স্মৃতি তুলে ধরেছেন মুফতি তাকী উসমানী। উস্তাদতুল্য এই আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন বলেও জানান তিনি।

বাংলাদেশের কওমি অঙ্গনের প্রথিতযশা আলেম মাওলানা মুফতি মুহিউদ্দীন রহ. ছিলেন ইলম, আমল, বিনয় ও আত্মত্যাগের এক অনন্য সমন্বয়। দীর্ঘদিন ঢাকার আশরাফুল উলুম (বড়কাটারা) মাদরাসায় হাদিসের দরস ও ফতোয়ার খেদমত করেছেন। হাজার হাজার শিক্ষার্থী তাঁর কাছ থেকে ইলম অর্জন করেছেন। অথচ এত বড় ইলমি অবস্থান ও গ্রহণযোগ্যতা সত্ত্বেও ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সাধারণ, বিনয়ী ও আত্মবিলীন। নিজের চেয়ে বয়সে ও ইলমে ছোটদেরও অনেক বড় মনে করতেন।

মুফতি মুহিউদ্দীন রহ. ছিলেন মুফতি মুহাম্মদ শফী রহ.-এর প্রিয় ছাত্র ও আধ্যাত্মিক খলিফা। তাদের সম্পর্ক ছিল গভীর ভালোবাসা, আস্থা ও আত্মিক বন্ধনে গড়া। মুফতি শফী রহ. যখনই ঢাকায় আসতেন, বড়কাটারা মাদরাসায় অবস্থান করতেন। আর বাংলাদেশে অবস্থানকালে মুফতি মুহিউদ্দীন রহ. প্রায় সারাক্ষণ তাঁর সঙ্গে থাকতেন। তাঁকে ঢাকায় মুফতি শফী রহ.-এর প্রতিনিধি ও মুখপাত্র হিসেবেও বিবেচনা করা হতো।

মুফতি তাকী উসমানীর ভাষায়, তাঁর বাবা মুফতি শফী রহ.-এর সঙ্গে মুফতি মুহিউদ্দীন রহ.-এর সম্পর্ক কেবল আস্থা ও ভালোবাসার ছিল না; বরং তাদের মধ্যে ছিল এক স্বভাবজাত গভীর আত্মিক টান।

মুফতি তাকী উসমানী তাঁর লেখায় উল্লেখ করেন- মুফতি মুহিউদ্দীন রহ. মূলত ইলমি পরিবেশের মানুষ ছিলেন। রাজনীতি তাঁর স্বভাবগত ক্ষেত্র ছিল না। কিন্তু দীনের প্রয়োজনে যখনই কোনো দায়িত্ব সামনে এসেছে, তিনি নিষ্ঠার সঙ্গে তাতে ঝাঁপিয়ে পড়েছেন। পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে শায়খুল ইসলাম আল্লামা শিব্বির আহমদ উসমানী রহ., মাওলানা জাফর আহমদ উসমানী রহ., মাওলানা আতহার আলী রহ. ও মুফতি মুহাম্মদ শফী রহ.-এর সঙ্গে তিনি নীরব কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে সিলেটের গণভোটে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল।

পাকিস্তান প্রতিষ্ঠার পর ইসলামি শাসনব্যবস্থা প্রণয়নের আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭০ সালের নির্বাচনেও চূড়ান্ত প্রতিকূলতার মধ্যে পাকিস্তানের অখণ্ডতা ও জাতীয় ঐক্যের পক্ষে কাজ করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় তিনি করাচিতে ছিলেন। যুদ্ধ শুরুর খবর পেয়ে দ্রুত ঢাকায় ফিরে আসেন। এরপর ইসলাম ও পাকিস্তানের পক্ষে তাঁর রাজনৈতিক অবস্থানের কারণে তাঁকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। দীর্ঘ সময় তাঁর অবস্থান সম্পর্কেও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি আবার লেখালেখি ও শিক্ষকতার কাজে ফিরে আসেন এবং বড়কাটারা মাদরাসায় ইলমি খেদমত অব্যাহত রাখেন।

১৯৭১ সালের পর মুফতি মুহিউদ্দীন রহ. আর পাকিস্তানে যেতে পারেননি। অন্যদিকে মুফতি তাকী উসমানীরাও দীর্ঘ নয় বছর বাংলাদেশে আসতে পারেননি। দীর্ঘ বিচ্ছেদের পর তাদের প্রথম দেখা হয় দারুল উলুম দেওবন্দের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে।

মুফতি তাকী উসমানী লিখেছেন, একদিন আসরের নামাজের পর কয়েকজন বন্ধুকে নিয়ে তিনি দেওবন্দের কাসেমী কবরস্থানের দিকে যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ল মুফতি মুহিউদ্দীন রহ.-কে। তাঁকে দেখামাত্রই তিনি দ্রুত এগিয়ে গেলেন। মুফতি মুহিউদ্দীনও তাঁকে দেখে এগিয়ে এলেন। এরপর তাঁকে জড়িয়ে ধরে এমনভাবে কান্না শুরু করলেন যে, দীর্ঘ সময় পর্যন্ত কান্না থামছিল না।

দেওবন্দে অবস্থানকালে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও দুজনের মধ্যে একাধিকবার দীর্ঘ সময় ধরে কথা হয়েছে। একদিন মুফতি তাকী উসমানীর মামা মাওলানা আনোয়ারুল করীমের বাসায় তাঁর দাওয়াত ছিল। ইশার নামাজের পর মুফতি মুহিউদ্দীন রহ. সেখানে উপস্থিত হন। তাঁকে ভেতরে নিয়ে বসানোর পর দীর্ঘ সময় ধরে কাঁদতে থাকেন। কান্নার কারণে প্রথমে কোনো কথাই বলতে পারছিলেন না।

একপর্যায়ে মুফতি তাকী উসমানীকে বললেন, ‘আমি একটি আবেদন করব। আল্লাহর ওয়াস্তে তা প্রত্যাখ্যান করবেন না।’

মুফতি তাকী উসমানী তাঁকে আশ্বস্ত করে আবেদন জানাতে বললেন। তখন মুফতি মুহিউদ্দীন রহ. জানালেন, সেদিনের অনুষ্ঠানে দারুল উলুম দেওবন্দ থেকে তিনি সম্মানসূচক পাগড়ি পেয়েছেন। কিন্তু পাগড়িটি হাতে নেওয়ার পর থেকেই তাঁর মনে বারবার মুফতি মুহাম্মদ শফী রহ.-এর কথা মনে পড়ছে। উস্তাদ জীবিত থাকতে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া সম্ভব হয়নি—এ আক্ষেপ তাঁকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে।

তাই তিনি মুফতি তাকী উসমানীকে অনুরোধ করলেন, নিজের হাতে যেন তাঁকে পাগড়িটি পরিয়ে দেন। এতে তিনি মনে সান্ত্বনা পাবেন যে, উস্তাদের ছেলে হিসেবে মুফতি তাকী উসমানীর মাধ্যমে যেন তাঁর উস্তাদই তাঁকে পাগড়ি পরিয়ে দিয়েছেন।

মুফতি তাকী উসমানী প্রথমে বিব্রত হয়ে পড়েন। কারণ মুফতি মুহিউদ্দীন রহ. ছিলেন তাঁর উস্তাদ, বরং উস্তাদেরও উস্তাদের মতো। তাঁকে পাগড়ি পরিয়ে দেওয়ার দুঃসাহস কীভাবে করবেন, তা ভেবে পাচ্ছিলেন না। কিন্তু মুফতি মুহিউদ্দীনের আবেগ ও বারবার অনুরোধের কাছে শেষ পর্যন্ত তাঁকে নতি স্বীকার করতে হয়। তিনি নিজের হাতে পাগড়িটি পরিয়ে দেন। এতেই যেন কিছুটা প্রশান্তি ফিরে পান মুফতি মুহিউদ্দীন রহ.।

দেওবন্দে সাক্ষাতের কিছুদিন পর মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরের সুযোগ হয়। ঢাকা বিমানবন্দরে পৌঁছে তাঁর চোখ প্রথমেই খুঁজতে থাকে প্রিয় মুফতি মুহিউদ্দীনকে। অন্য সঙ্গীদের সঙ্গে বিমানবন্দরেই তাঁর দেখা মেলে। এরপর থেকে এক সপ্তাহ পর বিদায়ের সময় পর্যন্ত মুফতি মুহিউদ্দীন রহ. এক মুহূর্তের জন্যও তাঁকে একা করেননি। এমনকি এ পুরো সময়ে তিনি নিজের বাসায়ও যাননি।

মুফতি তাকী উসমানী লিখেছেন, মুফতি মুহিউদ্দীন রহ.-এর বিশেষত্ব ছিল, দীর্ঘ বছর দরস-তাদরিস ও ফতোয়ার দায়িত্ব পালন করেও কখনো অন্যের সেবা গ্রহণের মানসিকতা তৈরি হয়নি তাঁর মধ্যে। ছাত্রজীবন থেকেই তিনি উস্তাদদের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখতেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর সান্নিধ্যে যাতায়াত করতেন। থানভী রহ.-এর ইন্তেকালের পর মুফতি মুহাম্মদ শফী রহ.-এর সঙ্গে ইসলাহি সম্পর্ক গড়ে তোলেন। তবে তিনি দূরে অবস্থান করায় ঢাকায় পীরজী হুজুর মাওলানা আব্দুল ওয়াহাব রহ.-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং ব্যক্তিগত বিষয়েও তাঁর পরামর্শ নিতেন।

রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে মাওলানা আতহার আলী রহ. ও মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ.-এর সঙ্গে যুক্ত ছিলেন। পীরজী হুজুরের ইন্তেকালের পর মাওলানা আতহার আলী রহ.-এর সঙ্গে ব্যক্তিগত বিষয়েও পরামর্শ করতেন। তাঁর ইন্তেকালের পর দীর্ঘদিন মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের সঙ্গে ইসলাহী সম্পর্ক বজায় রাখেন। ষাট বছরের কাছাকাছি বয়সেও হাফেজ্জী হুজুরের দরবারে নিজেকে একজন সাধারণ খাদেম হিসেবেই উপস্থাপন করতেন।

এভাবে একের পর এক আল্লাহওয়ালা বুযুর্গের সান্নিধ্য ও সংশ্রব তাঁকে ইলম, আমল, তাকওয়া, ইখলাস, বিনয় ও আত্মবিসর্জনের অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।

মুফতি মুহিউদ্দীন রহ.-এর তাকওয়া ও দীনি বিষয়ে সতর্কতা ছিল অত্যন্ত গভীর। এর একটি ঘটনা উল্লেখ করেছেন মুফতি তাকী উসমানী। ঢাকায় বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘মাআরিফুল কোরআন’-এর বাংলা অনুবাদ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মুফতি তাকী উসমানী। মুফতি মুহিউদ্দীন রহ.-ও অত্যন্ত আগ্রহ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন।

কিন্তু অনুষ্ঠান চলাকালে একসময় মুফতি তাকী উসমানী তাকিয়ে দেখেন, মুফতি মুহিউদ্দীন তাঁর আসনে নেই। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত তাঁকে আর দেখা যায়নি। পরে জানা যায়, সভায় কারও হাতে ক্যামেরা দেখে তাঁর আশঙ্কা হয়েছিল, হয়তো অনুষ্ঠানের ছবি তোলা হবে। এ কারণে তিনি সভা থেকে উঠে চলে যান।

দীনি বিষয়ে এতটা সতর্ক হলেও ব্যক্তিগত স্বভাবে তিনি ছিলেন অত্যন্ত হাসিখুশি ও প্রাণবন্ত। আনন্দ-ফূর্তি ও রসিকতার কোনো কমতি ছিল না তাঁর মধ্যে। উর্দু মাতৃভাষা না হওয়া সত্ত্বেও তাঁর উর্দু লেখনী ছিল চমৎকার ও উপভোগ্য। তাঁর সান্নিধ্যে দীর্ঘ সময় কাটিয়েও বিরক্তি আসত না। মুফতি তাকী উসমানী জানান, কত রাত ও দিন যে তাঁর সঙ্গে গল্প-আলোচনা করে কেটেছে, তার হিসাব নেই।

বয়সে মুফতি তাকী উসমানী ছিলেন তাঁর সন্তানের সমান, ইলমের দিক থেকেও অনেক ছোট। কিন্তু মুফতি মুহিউদ্দীন রহ. সব সময় তাঁকে ভাই ও বন্ধুর মতো আপন করে নিতেন। এই আন্তরিক সম্পর্কের মধ্যেও কথায় কথায় তাঁকে অনেক কিছু শেখাতেন, ভুল সংশোধন করতেন এবং নানা বিষয়ে মূল্যবান পরামর্শ দিতেন।

মুফতি মুহিউদ্দীন রহ.-এর মৃত্যুর আগে ঘটে যাওয়া একটি ঘটনা মুফতি তাকী উসমানীর স্মৃতিচারণকে আরও হৃদয়বিদারক করে তুলেছে।

বাংলাদেশের সফর শেষে পাকিস্তানে ফিরেন বিশিষ্ট বুজুর্গ মাওলানা হাকিম মুহাম্মদ আখতার রহ.। তাঁর মাধ্যমে মুফতি তাকী উসমানীর কাছে একটি প্যাকেট পাঠিয়েছিলেন মুফতি মুহিউদ্দীন রহ.। প্যাকেটে ছিল দুটি কাপড়। একটি মুফতি তাকী উসমানীর বড় ভাই মুফতি মুহাম্মদ রফী উসমানীর জন্য, অন্যটি তাঁর নিজের জন্য।

প্যাকেটটি রাতে পৌঁছায়। ভালোভাবে খোলার আগেই পরদিন সকালে মুফতি মুহিউদ্দীন রহ.-এর জামাতা মাওলানা নূরুদ্দীনের একটি চিঠি এসে পৌঁছায়। চিঠিতে লেখা ছিল, মুফতি মুহিউদ্দীন রহ. মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের সঙ্গে নোয়াখালীর একটি মাহফিলে গিয়েছিলেন। সেখান থেকে গাড়িতে ঢাকায় ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। অনেক চেষ্টার পর মুফতি মুহিউদ্দীন রহ. ও তাঁর সফরসঙ্গীদের উদ্ধার করা সম্ভব হয়। দুর্ঘটনায় তাঁর মাথা ও মুখমণ্ডলে প্রচণ্ড আঘাত লাগে। সামনের দুটি দাঁত ভেঙে যায়। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে তিনি অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁর জ্ঞান ফেরানোর সর্বাত্মক চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

মুফতি তাকী উসমানীর বর্ণনা অনুযায়ী, ২২ রবিউস সানি ১৪০১ হিজরি, মোতাবেক ২৮ ফেব্রুয়ারি ১৯৮১, সন্ধ্যা সাতটায় অচেতন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রিয় মানুষের পাঠানো শেষ উপহারটি তখনও মুফতি তাকী উসমানীর কাছে পড়ে ছিল। অথচ সেই উপহার যাঁর ভালোবাসার নিদর্শন, তিনি এরই মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।

মুফতি তাকী উসমানী তাঁর স্মৃতিচারণের শেষাংশে এই প্রিয় মানুষটির জন্য আল্লাহর কাছে ক্ষমা ও জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম কামনা করেন। একই সঙ্গে তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।

সূত্র: স্মৃতির মনীষীরা, অনুবাদ: জহির উদ্দিন বাবর

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ