নিজস্ব প্রতিবেদক
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জীবনী বা সিরাত অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিক্ষার্থীদের নৈতিকতা, চরিত্র ও জীবনবোধ গঠনে মহানবী সা.-এর জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে শুধু পাঠ্যবইয়ে সিরাত অন্তর্ভুক্ত করলেই হবে না, এর শিক্ষা বাস্তব জীবনেও প্রয়োগ করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের চিন্তা ও মননে সিরাতের আদর্শ প্রতিষ্ঠা করা গেলে সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি ও অনৈতিকতা দূর করা সহজ হবে বলে মনে করেন বক্তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আওয়ার ইসলাম ডটকম আয়োজিত এক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মহানবী সা.-এর জীবনী জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার দাবি এবং তাঁর জীবনভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মহিবুল্লাহ বাকী বলেন, শুধু বাহ্যিক পদক্ষেপের মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাস ও দুর্নীতি পুরোপুরি দূর করা সম্ভব নয়। এ জন্য মানুষের মন ও চিন্তায় সিরাতের শিক্ষা পৌঁছে দিতে হবে। যত দিন পর্যন্ত শিক্ষার্থীদের মন ও মস্তিষ্কে সিরাতের শিক্ষা গভীরভাবে পৌঁছানো না যাবে, তত দিন এসব সমস্যা পুরোপুরি বন্ধ করা কঠিন হবে। সরকার আন্তরিকভাবে উদ্যোগ নিলে সিরাতের শিক্ষার মাধ্যমে দেশকে শান্তি ও কল্যাণের পথে ফিরিয়ে নেওয়া সম্ভব।
সিরাত চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে যারা কাজ করছেন, তাদের প্রতিটি উদ্যোগই গুরুত্বপূর্ণ। তবে শুধু সিরাত পাঠ করলেই হবে না, এর শিক্ষা বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করতে হবে, সেটিও জানতে হবে। একটি জাতির চিন্তা ও আদর্শ গঠনে শিক্ষাব্যবস্থা ও পাঠ্যসূচির বড় ভূমিকা রয়েছে। তাই জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি জানানোর পাশাপাশি এ বিষয়ে যথাযথ যুক্তিও তুলে ধরতে হবে। যারা সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বীনি শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন, তাদের যুক্তির জবাব দিতে হবে।
মুফতি মহিবুল্লাহ বাকী বলেন, কোরআন-হাদিসের জ্ঞান মূল জ্ঞান হলেও তা বাস্তব জীবনে প্রয়োগের জন্য সহযোগী জ্ঞানের প্রয়োজন রয়েছে। অজু ছাড়া যেমন নামাজ আদায় করা যায় না, তেমনি শুধু অজু করলেই নামাজ আদায় হয় না। ইলমের ক্ষেত্রেও মূল ও সহযোগী জ্ঞানের মধ্যে ভারসাম্য রাখতে হবে।
সিরাতের শিক্ষা প্রয়োগের গুরুত্ব বোঝাতে তিনি কাবা শরিফের হাতিম অংশের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সা. কাবার ওই অংশটি মূল কাঠামোর অন্তর্ভুক্ত করার ইচ্ছা থাকলেও মানুষের প্রতিক্রিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তা করেননি। আবার আল্লাহর নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে মানুষের সমালোচনাকে উপেক্ষা করেছেন। অর্থাৎ, কোন পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়া বিবেচনা করতে হবে আর কোথায় তা উপেক্ষা করতে হবে, সেই শিক্ষাও সিরাত থেকে নিতে হবে।
মক্কা বিজয়ের সময় মুসলমানদের শক্তি ও সামর্থ্য প্রদর্শনের বিষয়টিও বিশেষ পরিস্থিতির অংশ ছিল উল্লেখ করে তিনি বলেন, অন্যদিকে লোকদেখানো কাজ থেকে বিরত থাকার নির্দেশনাও রয়েছে। কোন পরিস্থিতিতে শক্তি প্রদর্শন প্রয়োজন আর কখন তা প্রদর্শনীতে পরিণত হয়, সেটিও সিরাত পাঠের মাধ্যমে বুঝতে হবে।
লেখক, মুহাদ্দিস ও গবেষক মাওলানা যাইনুল আবিদীন বলেন, সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস ও মানুষের অধিকার হরণের মতো প্রবণতা ঠেকাতে নতুন প্রজন্মের চিন্তা ও চরিত্রে মহানবী সা.-এর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। কেউ জন্মগতভাবে অপরাধী হয়ে আসে না; পরিবার ও সমাজের শিক্ষার মধ্য দিয়েই মানুষের চিন্তা ও আচরণ গড়ে ওঠে।
বিশিষ্ট এই লেখক বলেন, পরিবারের সবাই মিলে মহানবী সা.-এর জীবন পড়া এবং তাঁর আদর্শ নিজেদের মধ্যে প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। সন্তানদের মধ্যে এই শিক্ষা ছড়িয়ে দেওয়া গেলে তারা যে সংগঠন বা প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত হোক, মানুষের অধিকার হরণ কিংবা অন্যের জীবন ও সম্পদের ক্ষতি করবে না।
কওমি মাদরাসার পাঠ্যসূচিতে সিরাতের চর্চা নিয়েও কথা বলেন মাওলানা যাইনুল আবিদীন। তিনি বলেন, অতীতে কওমি মাদরাসার পাঠ্যসূচিতে সিরাতে ইবনে ইসহাকসহ সিরাতবিষয়ক গুরুত্বপূর্ণ বই পড়ানো হতো। তবে এসব বইয়ের অনেকগুলো এখন আর পাঠ্যসূচিতে নেই। অন্যদিকে জাতীয় শিক্ষাক্রমে ইসলাম শিক্ষা থাকলেও তা বাধ্যতামূলক নয়। এ বিষয়ে পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরাও বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে পড়ে না।
মহানবী সা.-এর জীবন শুধু মুসলমানদের জন্য নয়, অমুসলিমদের জন্যও শিক্ষণীয় উল্লেখ করে তিনি মদিনার অর্থনৈতিক ব্যবস্থার উদাহরণ দেন। তাঁর ভাষ্য, মদিনায় হিজরতের পর রাসুলুল্লাহ সা. সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনেও পরিবর্তন আনেন। সুদভিত্তিক লেনদেনের বিকল্প হিসেবে ব্যবসা ও অংশীদারত্বভিত্তিক ব্যবস্থার প্রসার ঘটান। বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও সাধারণ মানুষের ঝুঁকি মোকাবিলায়ও মহানবী সা.-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলিমপ্রধান বাংলাদেশের শিক্ষাক্রম থেকে ধীরে ধীরে ইসলামি শিক্ষা ও মহানবী সা.-এর জীবনী বাদ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। শিক্ষাব্যবস্থার মাধ্যমে একটি জাতির চিন্তা, আদর্শ ও ধর্মীয় পরিচয় প্রভাবিত হয়। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গঠিত শিক্ষা কমিশনগুলোর সুপারিশে পাঠ্যক্রম থেকে ধর্মীয় শিক্ষা সরিয়ে দেওয়ার প্রবণতা দেখা গেছে।
তারা বলেন, শিক্ষা কার্যক্রম প্রণয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যেও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। মাদরাসায় দীনি শিক্ষা দেওয়া হয়—এ যুক্তিতে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার সুযোগ নেই। মুসলিমপ্রধান বাংলাদেশের শিক্ষাক্রমে মহানবী সা.-এর সিরাতসহ ইসলামি শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে।
প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশীদ হাবিব অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও তাঁর পাঠানো শুভেচ্ছাবার্তা পড়ে শোনান স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান মামুন। বার্তায় তিনি বলেন, প্রতিযোগিতায় দুই হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। তাদের মধ্য থেকে ৭৫ জন পুরস্কার পাচ্ছেন। মহানবী সা.-এর জীবন ও আদর্শ নিয়ে এ ধরনের প্রতিযোগিতা আরও ব্যাপকভাবে আয়োজন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, জাতীয় পাঠ্যক্রমে মহানবী সা.-এর জীবনী অন্তর্ভুক্ত হলে শিক্ষার্থীরা শৈশব থেকেই তার জীবন ও আদর্শের আলোকে নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে। এতে তাদের চিন্তা, চরিত্র ও জীবনবোধে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
অনুষ্ঠানে বক্তারা মহানবী সা.-এর জীবনভিত্তিক প্রতিযোগিতার আয়োজনকে স্বাগত জানান এবং জাতীয় শিক্ষাক্রমে তার জীবনী অন্তর্ভুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ও পুরস্কারপ্রাপ্ত ৭৫ শিক্ষার্থীকে অভিনন্দন জানান তারা।
আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে ও লেখক-সংগঠক জিয়াউল আশরাফের উপস্থাপনায় অনুষ্ঠানে কি-নোট পাঠ করেন সিনিয়র সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজসেবক ও সংগঠক মনিরুজ্জামান মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন; শেখ জনূরুদ্দীন রহ. দারুল কোরআন, চৌধুরীপাড়ার নায়েবে মুহতামিম মাওলানা খুরশিদ আলম কাসেমী, শিক্ষাসচিব মাওলানা মুসলিম উদ্দীন; ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আজিজুল উলুম মাদরাসা, রাজারকুল, রামু, কক্সবাজারের পরিচালক মাওলানা মহসিন শরীফ; দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমাদ; আল ওয়াসি হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা আবদুল গাফফার খান, মাকতাবাতুল ইসলামের স্বত্বাধিকারী মাওলানা আহমদ গালিব প্রমুখ।
আইও/