নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ঘরহারা ৩০০ পরিবারের জন্য দুই কক্ষবিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমও চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
তিনি জানান, বন্যা-পরবর্তী পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৩০০টি ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘর হবে দুই কক্ষবিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল টিনের। তহবিল সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেলে ঘর নির্মাণের সংখ্যা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের পরিধিও আরও সম্প্রসারণ করা হবে।

শায়খ আহমাদুল্লাহ জানান, ইতোমধ্যে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত চারটি ইউনিয়নের দুই হাজার বন্যাদুর্গত পরিবারের কাছে জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকায় আরও চার হাজার খাদ্যসামগ্রীর প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে, যা রাতেই চট্টগ্রামে পাঠানো হবে। পরদিন সকালে আটটি উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
তিনি দেশ-বিদেশের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ জরুরি সহায়তা পৌঁছে দেয়। এবার গৃহহারা পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের ঘোষণা প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
আইও/