রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ৬৯ একর বেদখলি জমি আগামী ১৫ দিনের মধ্যে পুনরুদ্ধারের সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে মডেল মসজিদসহ দেশের মসজিদগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সম্ভাবনা যাচাই এবং রুফটপ সোলার স্থাপনের অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে বৈঠকটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্প, ৫৬টি ইসলামিক মিশন কেন্দ্র ও তিনটি ইসলামিক মিশন হাসপাতালের কার্যক্রম, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২ এবং মডেল মসজিদের ইমামদের প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ঝালকাঠির রাজাপুর উপজেলাসহ ইসলামিক ফাউন্ডেশনের বেদখলে থাকা ৬৯ একর জমি উদ্ধারে ১৫ দিনের সময়সীমা নির্ধারণের সুপারিশ করা হয়। পাশাপাশি ইসলামিক মিশন হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করে সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন এবং মসজিদ পাঠাগার সম্প্রসারণ কার্যক্রমের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা বোর্ড থেকে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনারও সুপারিশ করা হয়।

ইসলামিক মিশন কেন্দ্র ও হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়ন, শূন্য পদ পূরণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এসব কেন্দ্রের মাধ্যমে পরিচালিত চিকিৎসা, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম এবং অসহায় মানুষের কল্যাণে নেওয়া কর্মসূচি আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২ (২০২৪ সালে সংশোধিত) নিয়ে আলোচনায় হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সেবার মান বৃদ্ধি এবং ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিদ্যমান হজ এজেন্সিগুলোর কার্যক্রম ও দক্ষতা যাচাই করে ন্যায়সংগতভাবে লাইসেন্স বাতিল এবং নতুন লাইসেন্স দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

মডেল মসজিদে বিদ্যুতের ব্যবহার সাশ্রয় এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মডেল মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী উদ্যোগ নেওয়া এবং মসজিদগুলোতে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের সর্বশেষ অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। মডেল মসজিদ ও অন্যান্য মসজিদের ইমামদের প্রশিক্ষণ অব্যাহত রাখার পাশাপাশি তাদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, মো. জাহিদুর রহমান, সুবর্ণা সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশ নেন।

এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ