
|
পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, আসছে আরও পরিবর্তন
প্রকাশ:
২১ মে, ২০২৬, ১১:২১ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) শব্দবন্ধ। একই সঙ্গে পাসপোর্টের ভেতরের পাতার ওয়াটারমার্কেও আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। নতুন ডিজাইনে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি এবং দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন। বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার শেখ মুজিবের সমাধির ছবি। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাসপোর্টের অভ্যন্তরীণ পাতাগুলোর প্রায় এক ডজন ওয়াটারমার্ক নতুনভাবে ডিজাইন করা হবে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকত—‘দিস পাসপোর্ট ইস ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল’। তবে ২০২০ সালের শেষ দিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ‘এক্সেপ্ট ইসরায়েল’ অংশটি বাদ দেওয়া হয়। বর্তমানে সরকার সেই শব্দবন্ধ পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে পাসপোর্ট অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। মন্ত্রণালয় ইতোমধ্যে এতে সম্মতি দিয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি সরকারপ্রধানের কাছে পাঠানো হবে বলে জানা গেছে। এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক নূরুল আনোয়ার বলেন, এটি তাদের অধিদপ্তরের নিজস্ব উদ্যোগ নয়; সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই সিদ্ধান্তটি এসেছে। তিনি আরও জানান, কূটনৈতিক পাসপোর্টে বিষয়টি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই এ সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা ছিল। গত বছরের ৭ এপ্রিল এ-সংক্রান্ত একটি আদেশও জারি করা হয়। তবে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য ক্ষেত্রে তা পুরোপুরি কার্যকর না হওয়ায় নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে পাসপোর্টের পাতার ওয়াটারমার্কেও যুক্ত হচ্ছে নতুন কিছু প্রতীক ও ঐতিহ্যের ছবি। নতুন ডিজাইনে থাকবে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি। পাশাপাশি বঙ্গভবন, জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, আমবাগান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, বান্দরবানের নীলগিরি এবং নারায়ণগঞ্জের পানাম নগরীর ছবিও যুক্ত করা হচ্ছে। বর্তমানে থাকা কক্সবাজার সমুদ্রসৈকতের নৌকার ছবিটিও পরিবর্তন করা হবে বলে জানা গেছে। অন্যদিকে নতুন সংস্করণে বাদ পড়ছে ধানমন্ডি ৩২ নম্বর, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ, মডেল মসজিদ, দিনাজপুরের কান্তজিউ মন্দির, বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধের ছবি। জেডএম/ |