বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮


আজ ঠিক ওপরে থাকবে সূর্য, ছায়াহীন হবে কাবা শরিফ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

আজ বুধবার (১৫ জুলাই) এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব। নির্দিষ্ট একটি মুহূর্তে সূর্য পবিত্র কাবা শরিফের ঠিক মাথার ওপরে অবস্থান করবে। এ সময় কাবা শরিফের কোনো ছায়া থাকবে না এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা কম্পাস ছাড়াই সহজে কিবলার সঠিক দিক নির্ধারণ করতে পারবেন।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য কাবা শরিফের ঠিক ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে। ফলে সূর্যের আলো কাবার ওপর লম্বভাবে পড়বে এবং কিছু সময়ের জন্য কাবার ছায়া সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে।

এই বিশেষ মুহূর্তে পৃথিবীর যেখানেই সূর্য দৃশ্যমান থাকবে, সেখান থেকে সূর্যের দিকেই মুখ করলে তা হবে কাবা শরিফ তথা কিবলার সঠিক দিক। তাই এ ঘটনাকে কিবলার দিক নির্ধারণের অন্যতম নির্ভরযোগ্য প্রাকৃতিক পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশ সময় অনুযায়ী, সূর্য কাবা শরিফের ঠিক ওপরে অবস্থান করবে বিকেল ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, প্রতি বছর সাধারণত দুইবার—মে মাসের শেষ দিকে এবং জুলাই মাসের মাঝামাঝি সময়ে—সূর্য কাবা শরিফের ঠিক মাথার ওপরে আসে। পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান এবং সূর্যের আপাত গতিপথের কারণে এ ঘটনা ঘটে।

ইতিহাসবিদদের মতে, আধুনিক কম্পাস বা জিপিএস প্রযুক্তি প্রচলনের আগে মুসলমানরা এই ঘটনাকে কাজে লাগিয়ে কিবলার দিক নির্ধারণ করতেন। সে সময় খোলা স্থানে একটি সোজা কাঠি বা দণ্ড মাটিতে স্থাপন করা হতো। সূর্য কাবার ঠিক ওপরে থাকার মুহূর্তে কাঠির ছায়ার বিপরীত দিককে কিবলার দিক হিসেবে নির্ধারণ করা হতো, যা অত্যন্ত নির্ভুল পদ্ধতি হিসেবে স্বীকৃত ছিল। সূত্র: ডেইলি পাকিস্তান

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ