সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮


‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আদর্শ, দক্ষতা ও নৈতিক নেতৃত্বের সমন্বয়ে তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত হতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

তিনি বলেন, একটি রাষ্ট্রের টেকসই অগ্রগতি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে না; বরং ন্যায়বিচার, সুশাসন, মানবিক মূল্যবোধ ও নৈতিক নেতৃত্বই রাষ্ট্রের ভিত্তিকে শক্তিশালী করে। তাই তরুণদের মেধা, জ্ঞান, দক্ষতা ও নৈতিকতাকে রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনকল্যাণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বৈষম্য, দুর্নীতি ও অবিচারমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মেধাবী ও আদর্শবান তরুণদের নেতৃত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) বরিশাল মহানগরীর ফ্লেভোরিয়া অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি উইং বরিশাল জোন আয়োজিত ‘ইয়ুথ অব টুমরো: ক্যারিয়ার অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট সামিট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু প্রচলিত ছাত্ররাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চা, রাষ্ট্রচিন্তা ও জনকল্যাণমুখী নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। আগামীর বাংলাদেশকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য তরুণদের প্রস্তুত হওয়ার এখনই উপযুক্ত সময়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক নূরে আলম সিদ্দিকী।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি উইং বরিশাল জোনের সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ