সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন রঙিন এই দুনিয়ায়

টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

রাফাহ সীমান্ত দিয়ে যাতায়াতে বিধিনিষেধ থাকায় টানা চতুর্থ বছরের মতো হজে যেতে পারছেন না গাজার প্রায় ১০ হাজার ফিলিস্তিনি। ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে হজের জন্য নিবন্ধন করেও তারা সৌদি আরব যাওয়ার সুযোগ পাননি। দীর্ঘ অপেক্ষার মধ্যে হজের স্বপ্ন অপূর্ণ রেখেই মারা গেছেন প্রায় ৪০০ নিবন্ধিত ব্যক্তি।

গাজার হজ ও ওমরা ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল-আস্তাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি হজে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪০০ জন হজে যাওয়ার আগেই মারা গেছেন।

ভবিষ্যতে হজযাত্রার সুযোগ তৈরি হলে ২০২৩ সালের হজ লটারিতে নির্বাচিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান আল-আস্তাল। এ ছাড়া মারা যাওয়া নিবন্ধিত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হজে যাওয়ার সুযোগ দেওয়ার ব্যবস্থাও করছে সংগঠনটি।

আল-আস্তাল বলেন, সৌদি আরবের প্রস্তুতি এবং মিসরের প্রচেষ্টা থাকা সত্ত্বেও রাফাহ সীমান্ত বন্ধ থাকায় গাজার হজযাত্রীরা বের হতে পারছেন না। হজযাত্রীরা যেন নিরাপদে গাজা থেকে সৌদি আরবে পৌঁছাতে পারেন এবং হজ শেষে নিরাপদে ফিরে আসতে পারেন, সে বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রয়োজন।

এখন গাজার হজপ্রত্যাশীদের নজর ১৪৪৮ হিজরি বা ২০২৭ সালের হজ মৌসুমের দিকে। যুদ্ধ, সীমান্ত বন্ধ ও চলাচলে নিষেধাজ্ঞার কারণে ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে গাজার বাসিন্দারা হজে যেতে পারেননি।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনের মোট হজ কোটা ৬ হাজার ৬০০। এর মধ্যে গাজার জন্য বরাদ্দ প্রায় ২ হাজার ৫০৮টি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত পরিস্থিতির কারণে এই কোটার সুবিধা নিতে পারেননি গাজার হজপ্রত্যাশীরা।

২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় হজযাত্রীদের যাত্রা প্রস্তুতি ব্যাহত হয়। অনেকে ভ্রমণের আনুষ্ঠানিকতা শেষ করে মক্কা ও মদিনায় থাকা এবং যাতায়াতের ব্যবস্থাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের হজযাত্রা বাতিল হয়ে যায়। ওই বছর গাজার প্রায় ২ হাজার ৫০০ ফিলিস্তিনি হজে যেতে পারেননি।

পরবর্তী বছরগুলোতেও রাফাহ সীমান্ত দিয়ে চলাচল কঠোরভাবে সীমিত ছিল। ২০২৬ সালের শুরুর দিকে সীমান্ত আংশিক খুললেও মূলত মানবিক প্রয়োজনে যাতায়াতকারী ব্যক্তি ও তাদের সঙ্গীদের চলাচলের সুযোগ দেওয়া হয়। ফলে হজপ্রত্যাশীদের জন্য সৌদি আরবে যাওয়ার নির্ভরযোগ্য পথ তৈরি হয়নি।

বছরের পর বছর অপেক্ষা করতে করতে নিবন্ধিত অনেক হজপ্রত্যাশীর বয়স বাড়ছে। কেউ কেউ আশঙ্কা করছেন, জীবদ্দশায় হয়তো আর হজ করার সুযোগ পাবেন না। অনেক ফিলিস্তিনির কাছে হজ শুধু একটি ধর্মীয় সফর নয়; এটি সারা জীবনের লালিত স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের আশায় অনেকে বছরের পর বছর অর্থ জমিয়েছেন।

২০২৭ সালের হজ সামনে রেখে গাজার হজপ্রত্যাশীরা নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াতব্যবস্থার নিশ্চয়তা চাইছেন। তাদের দাবি, নিবন্ধিত হজযাত্রীরা যেন যথাসময়ে গাজা ছাড়তে পারেন, নিরাপদে সৌদি আরবে পৌঁছাতে পারেন এবং হজ শেষে নিজ দেশে ফিরতে পারেন। অপেক্ষার মধ্যে আরও মানুষের জীবনাবসান হওয়ার আগেই এ সংকটের সমাধান চান তারা।

সূত্র: দ্য প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টার

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ