নিজস্ব প্রতিবেদক
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব শাহ ইফতেখার তারিক। তিনি বলেছেন, বিশ্ববাজারের দোহাই দিয়ে বারবার এলপিজির দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করা হচ্ছে। অথচ শহরের লাখো মানুষ রান্নার কাজে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
শাহ ইফতেখার তারিক বলেন, সরকার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নতুন করে ২২৩ টাকা বাড়িয়েছে। এতে সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। সরকার প্রতি মাসেই এলপিজির দাম বাড়াচ্ছে। এরপরও নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এতে জ্বালানি বাজার নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে।
তিনি বলেন, এলপিজির ওপর নির্ভরশীল সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা না করেই বিশ্ববাজারের অজুহাতে দাম বাড়ানো হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের এ নেতা এলপিজির বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘বিশ্ববাজারের দোহাই দিয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করবেন না।’ রাষ্ট্রকে বিভিন্ন খাতে ভর্তুকি দিতে হয় উল্লেখ করে তিনি বলেন, এমন খাতে ভর্তুকি দেওয়া উচিত, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়।
আইও/