ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক:
বিশ্বের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মিসরের আল-আযহারের সরাসরি তত্ত্বাবধানে ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদে প্রতিষ্ঠিত হয়েছে ‘আল-আযহার আরবি ভাষা শিক্ষা কেন্দ্র, বাংলাদেশ’ (مركز الأزهر لتعليم اللغة العربية للناطقين بغيرها - بنغلاديش)।
সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ব্যাচে আবাসিক ও অনাবাসিক উভয় শাখায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে আল-আযহারের অধীনে পরিচালিত আরবি ভাষা শিক্ষা কেন্দ্র (মারকায) ও ইনস্টিটিউট (মা'হাদ) পরিচালিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে এ কেন্দ্রের প্রতিষ্ঠা আরবি ভাষা শিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজস্ব পরিবেশে থেকেই আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত আরবি ভাষা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ লাভ করবেন। একই সঙ্গে আরবি ভাষায় দক্ষতা অর্জন, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে তাঁদের জন্য সৃষ্টি হবে নতুন সম্ভাবনা।
এই মারকাযের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
১. আল-আযহার স্বীকৃত সার্টিফিকেট: এই মারকাযের সার্টিফিকেট আল-আযহারে স্বীকৃত ও গৃহীত হবে। উল্লেখ্য, আল-আযহারে ভর্তিইচ্ছুক (মুআদালা ও মুআদালাবিহীন) ছাত্রদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স (ব্যয়বহুল) সম্পন্ন করা আবশ্যক। সুতরাং যারা এই মারকায থেকে আরবি ভাষা কোর্স সম্পন্ন করবে, তাদের সেখানে গিয়ে নতুন করে ভাষা কোর্স সম্পন্ন করার প্রয়োজন হবে না।
২. আল-আযহারের সরাসরি তত্ত্বাবধান: প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আল-আযহারের সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় পরিচালিত হবে।
৩. আল-আযহারের ডক্টরদের সরাসরি পাঠদান: আল-আযহার থেকে নিয়োজিত ডক্টর ও বিশেষজ্ঞ শিক্ষকমণ্ডলী সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করবেন।
৪. আল-আযহারে অধ্যয়ন ও স্কলারশিপ লাভ করার সুযোগ: মারকায থেকে আরবি ভাষা কোর্স সম্পন্নকারী সকল শিক্ষার্থীর জন্য আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ থাকবে এবং যোগ্য ও নির্বাচিত শিক্ষার্থীরা আল-আযহারের স্কলারশিপ লাভ করবে, ইনশাআল্লাহ।
৫. আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি: আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় ভাষাগত প্রস্তুতি ও দিকনির্দেশনা দেওয়া হবে।
৬. সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত: আরবি ভাষা শিখতে আগ্রহী সকল শিক্ষার্থীর জন্য (ভর্তি পরীক্ষাপূর্বক) ভর্তির সুযোগ থাকবে।
৭. আন্তর্জাতিক মানের আরবি ভাষা শিক্ষা: অনারবি ভাষাভাষীদের জন্য উপযোগী আধুনিক ও কার্যকর পদ্ধতিতে আরবি ভাষা শিক্ষা প্রদান করা হবে।
ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
মাওলানা মোল্লা আব্দুল মুমিন (০১৭৭১৮৬৫৪৬৬), মাওলানা মুহাম্মদ শামসুদ্দিন (০১৩৪৪১৯৬২৭৭) ও অফিস (০১৯০১৫১৮৬২৬)
আইও/