রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮


এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন আল্লামা তাকি উসমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি

পাকিস্তানের প্রখ্যাত আলেম ও বিশ্ববরেণ্য ইসলামি স্কলার আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানী বাংলাদেশ সফরে আসছেন। চলতি নভেম্বর মাসের ২২ তারিখ থেকে ২৮ তারিখ তিনি বাংলাদেশ সফর করবেন।

আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাংলাদেশ সফরের প্রধান সমন্বয়ক, রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ।

তিনি জানান, মুফতি তাকি উসমানীর সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ২২ নভেম্বর ভোরে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এক সপ্তাহের সফরে তিনি ঢাকার কয়েকটি প্রোগ্রাম এবং ঢাকার বাইরেও কয়েকটি প্রোগ্রামে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। তাঁর সফরসঙ্গী হিসেবে পাকিস্তান বেফাকের মহাসচিব আল্লামা হানিফ জালান্ধরিও বাংলাদেশে আসছেন।

মুফতি মিযানুর রহমান সাঈদ জানান, ২২ নভেম্বর সন্ধ্যায় শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ১৫ সালা দস্তারবন্দি মহাসম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সেখানে তিনি হাদিসে মুসালসালাতের দরস দেবেন। তিনি ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা সম্মেলনে প্রধান মেহমান হিসেবে যোগ দেবেন। এর বাইরে রাজধানীতে হাইয়্যাতুল উলয়া ও বেফাকের আয়োজনে একটি সেমিনার হওয়ার কথা রয়েছে। এছাড়া তাঁর লেখালেখি ও গবেষণা কর্মের ওপর একটি বিশেষ মজলিস হওয়ার কথা রয়েছে, সেখানে আলেম লেখক-সাহিত্যিকরাও অংশ নেবেন।

ঢাকার বাইরেও কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে আল্লামা তাকী উসমানীর। তবে মুফতি মিযানুর রহমান সাঈদ জানান, এখনও কর্মসূচি চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে তা বিস্তারিত জানানো হবে।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপর ফকীহুল মিল্লাত মুফতী আব্দুর রহমান রহ.-এর দাওয়াতে বাংলাদেশ সফর করেছিলেন মুফতি তাকী উসমানী। এরপর থেকে তিনি আর বাংলাদেশে আসেননি। বিভিন্ন সময় তাঁকে আনার চেষ্টা করা হলেও তৎকালীন সরকার এ ব্যাপারে সায় দেয়নি।

তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় পরিস্থিতি এখন অনেকটা অনুকূলে। এজন্য ভারত-পাকিস্তানের আলেমদের যাতায়াত বেড়েছে বাংলাদেশে। মুফতি তাকি উসমানী গত জানুয়ারিতেই বাংলাদেশ সফরে আসার তারিখ ঠিক হয়েছিল। তবে দেশে জাতীয় নির্বাচনের সময় এবং পবিত্র রমজান ঘনিয়ে আসায় সেই সফর স্থগিত করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ