সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় ৯৫ জনকে নিয়োগ দেবে মারকাজুল ফুরকান শিক্ষার্থীদের মারধর ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করল বেফাক আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রখ্যাত আলেম ও জমিয়তে উলামায়ে ইসলাম (স)-এর সাবেক আমির মাওলানা সামিউল হক শহীদ রহ.-এর দীনি, ইলমি, জাতীয় ও রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের আকোড়া খট্টকের জামিয়া দারুল উলুম হক্কানিয়ায় এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন জামিয়া হক্কানিয়ার নায়েবে মুহতামিম মাওলানা রাশিদুল হক সামী, জমিয়তে উলামায়ে ইসলাম (স)-এর কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল হক সানি, শায়খুল হাদিস মাওলানা আবদুল কাইয়ুম হক্কানি, শায়খুল হাদিস মাওলানা ইরফানুল হক হক্কানি, মাওলানা লুকমানুল হক হক্কানি এবং করকের শায়খুল হাদিস মাওলানা আবদুল গফুর।

বক্তারা তাদের বক্তব্যে মাওলানা সামিউল হক শহীদের (রহ.) দীনি, ইলমি, রাজনৈতিক ও জাতীয় অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, তাঁর পুরো জীবন ইসলামের মর্যাদা সমুন্নত রাখা, দীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুরক্ষা এবং ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে অতিবাহিত হয়েছে। দীনি ও জাতীয় অঙ্গনে তাঁর অবদান এবং অনন্য সংগ্রাম ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা তাজ মুহাম্মদ, শায়খুল হাদিস মাওলানা হাফেজ শওকত আলী হক্কানি, মাওলানা হুজাইমা সামী, মাওলানা উসামা সামী, মাওলানা মুফতি জহুরুল্লাহ, মাওলানা হিজবুল্লাহ জান, মাওলানা হাবিবুল্লাহ হক্কানি এবং সাহেবজাদা হাফেজ মুহাম্মদ আহমদসহ জামিয়ার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মাওলানা সামিউল হক (রহ.) ছিলেন পাকিস্তানের প্রখ্যাত দেওবন্দি আলেম, ধর্মীয় ও রাজনৈতিক নেতা এবং জমিয়ত উলামায়ে ইসলামের একাংশের প্রতিষ্ঠাতা আমির। তিনি ১৯৩৭ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আকোড়া খট্টকে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মাওলানা আবদুল হক ছিলেন জামিয়া দারুল উলুম হক্কানিয়ার প্রতিষ্ঠাতা। বাবার প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই তিনি ধর্মীয় শিক্ষা অর্জন করেন। ১৯৮৮ সালে বাবার ইন্তেকালের পর তিনি জামিয়া হক্কানিয়ার মুহতামিমের দায়িত্ব গ্রহণ করেন এবং আমৃত্যু এ দায়িত্ব পালন করেন।

পাকিস্তানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। ১৯৮৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে দেশটির সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। আফগান তালেবানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি ‘তালেবানের আধ্যাত্মিক পিতা’ হিসেবেও পরিচিতি পান। ২০১৮ সালের ২ নভেম্বর রাওয়ালপিন্ডিতে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন।

সূত্র: জামিয়া দারুল উলুম হক্কানিয়ার ফেসবুক পেইজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ