নিজস্ব প্রতিবেদক
ইমামদের পর এবার মুয়াজ্জিনদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। বিশুদ্ধ উচ্চারণ, সুললিত কণ্ঠ এবং প্রয়োজনীয় দাওয়াতি ও কারিগরি দক্ষতায় দক্ষ মুয়াজ্জিন গড়ে তুলতে ‘আজান প্রশিক্ষণ প্রোগ্রাম’ চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ২০২৬ সালের প্রথম ব্যাচের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজান কেবল নামাজের আহ্বান নয়; এটি মহান আল্লাহর দিকে মানুষের ডাক। তাই একজন মুয়াজ্জিনের বিশুদ্ধ উচ্চারণ, সুমধুর কণ্ঠ, উত্তম আখলাক এবং দাওয়াতি মানসিকতা মুসল্লিদের মসজিদমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু যথাযথ প্রশিক্ষণের অভাবে অনেক প্রতিভাবান মুয়াজ্জিন ও আগ্রহী তরুণ নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পান না। সেই প্রয়োজন থেকেই এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কোর্সে যা শেখানো হবে
আয়োজকরা জানান, প্রশিক্ষণে পবিত্র মক্কা ও মদিনার ঐতিহ্যবাহী সুরসহ বিশ্বখ্যাত পাঁচটি আযানের সুরে নিবিড় অনুশীলনের সুযোগ থাকবে। পাশাপাশি আযান ও ইকামাতের প্রতিটি শব্দের বিশুদ্ধ উচ্চারণ, কণ্ঠের যত্ন, শ্বাস নিয়ন্ত্রণ, কণ্ঠস্বরের স্কেল ঠিক রাখার কৌশল এবং নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া শায়খ আহমাদুল্লাহ-এর তারবিয়াহ ও দাঈর গুণাবলি বিষয়ে বিশেষ দরস, টাইম ম্যানেজমেন্ট, নেগোশিয়েশন ও কমিউনিকেশন স্কিল, আধুনিক সাউন্ড সিস্টেম পরিচালনা এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
বিনামূল্যে আবাসন, খাবার ও যাতায়াত
কোর্সে অংশগ্রহণকারীদের জন্য মানসম্মত আবাসন ও খাবারের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। পাশাপাশি যাতায়াত খরচ প্রদান, সফল প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে ব্যক্তিগত মূল্যায়নের ব্যবস্থাও থাকবে।
আবেদনের যোগ্যতা
কোর্সে আবেদন করতে হলে প্রার্থীকে হাফেজ, আলেম অথবা নাহবেমীর, দাখিল বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থী হতে হবে। বর্তমানে মুয়াযযিন হিসেবে কর্মরত কিংবা এ পেশায় আগ্রহী হতে হবে। এছাড়া কণ্ঠে সুর এবং তা আয়ত্ত করার সক্ষমতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ও ভর্তি
আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৬। আগামী ৩ আগস্ট মৌখিক পরীক্ষা (ভাইভা) ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং ৮ আগস্ট থেকে ক্লাস শুরু হবে।
ভাইভার দিন আবেদনকারীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের ফটোকপি এবং একাডেমিক সনদের কপি (যদি থাকে) সঙ্গে আনতে হবে।
প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সাতারকুল কাজীবাড়ি ক্যাম্পাসে (কবরস্থানের পাশে), উত্তর বাড্ডা, ঢাকায়।
আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা প্রতিষ্ঠানের নির্ধারিত অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়া সার্বিক যোগাযোগের জন্য ০১৮০৫-৪৩৭৯১০ নম্বরে (হোয়াটসঅ্যাপ, সকাল ৯টা থেকে বিকেল ৫টা) যোগাযোগ করা যাবে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দ্বীনি খেদমতের জন্য দক্ষ ও আদর্শ মুয়াযযিন গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছে।
আওয়ার ইসলাম/জেডএম
