শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমা ৩ সেন্টিমিটার পানি অতিক্রম করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২টার তথ্য অনুযায়ী, এ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা ব্যারাজের ভাটির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচে থাকলেও মাত্র তিন ঘণ্টার ব্যবধানে তা বেড়ে বিপৎসীমা অতিক্রম করে। রাত ৯টায় পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৮ মিটার, যেখানে এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে নদীর পানি কিছুটা কমতে থাকায় তীরবর্তী মানুষের মধ্যে স্বস্তি ফিরেছিল। তবে বৃহস্পতিবার রাতে আবারও পানি বিপৎসীমা অতিক্রম করায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বন্যার পূর্বাভাস পেয়ে অনেকেই সতর্ক অবস্থান নিয়েছেন।

ডালিয়া ব্যারাজ পয়েন্টের ইনচার্জ নুরুল ইসলাম বলেন, বর্তমানে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে আসা পানির প্রবাহের ওপর নির্ভর করে নদীর পানির স্তর ওঠানামা করছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পাউবোর পক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উজানে নতুন করে ভারী বৃষ্টিপাত হলে তিস্তার পানির স্তর আরও বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ