মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭


‘শিশুদের বিপদে ফেলছ’ অভিযোগে ফ্লোরিডায় চ্যাটজিপিটি’র বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চ্যাটজিপিটি 'শিশুদের বিপদে ফেলছে ও অভিভাবকদের প্রতারিত করছে' এমন ঘোরতর অভিযোগে ওপেনএআই ও এর সিইও অল্টম্যানের বিরুদ্ধে ফ্লোরিডার একটি আদালতে মামলা হয়েছে। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার প্রতারণা ও অবহেলা সংক্রান্ত আইনি ধারার উল্লেখ করে, ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য কঠোর নিয়মকানুন প্রণয়নে ব্যর্থতার জন্য চ্যাটজিপিটি’র মূল সংস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই-কে দায়ী করেছেন।

সোমবার (১ জুন) ওপেনএআই এবং এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেছেন, চ্যাটজিপিটি চ্যাটবট তরুণ ব্যবহারকারীদের আসক্ত করে এবং ক্ষতিকর আচরণে উৎসাহিত করে তাদের বিপদে ফেলছে।

জেমস উথমায়ার সংবাদ সম্মেলনে বলেন, "আমরা সম্প্রতি স্যাম অল্টম্যান এবং চ্যাটজিপিটি’র বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করেছি। কারণ, এই অ্যাপ্লিকেশনটি আমাদের শিশুদের বিপদে ফেলছে এবং অভিভাবকদের প্রতারিত করছে, এটি স্পষ্টতই নিরাপদ নয়। এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা জানি, চ্যাটজিপিটি আসক্তি তৈরি করতে পারে। এটি ব্যবহারকারীদের কাছ থেকে আরও তথ্য আদায়ের জন্য সহানুভূতি এবং মানবিক বৈশিষ্ট্য অনুকরণ করে তাদের প্রতারিত করে।"

উথমায়ার ড্রেক্সেল ইউনিভার্সিটির একটি সাম্প্রতিক গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, “যেসব কিশোর-কিশোরী কথোপকথনের জন্য ক্যারেক্টার ডট এআই (OpenAI-এর একটি প্রতিযোগী) এর চ্যাটবট ব্যবহার করে, তাদের ঘুমের ঘাটতি, পরীক্ষার ফলাফলের অবনতি এবং সামাজিক মেলামেশা কমে যাওয়ার মতো ঘটনা ঘটে। "

অ্যাটর্নি জেনারেল আরও অভিযোগ করেছেন, "ChatGPT-এর বিনামূল্যের সংস্করণে কোনো গেটকিপিং বা বয়স যাচাইয়ের ব্যবস্থা নেই। যদিও পেইড সাবস্ক্রিপশনে নামমাত্র ব্যবহারকারীদের কাছে তাদের বয়স জানতে চাওয়া হলেও ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের কোনো ব্যবস্থা নেই এবং অপ্রাপ্তবয়স্করা ChatGPT-এর সাথে কী ধরনের কথোপকথন করছে, সে সম্পর্কে অভিভাবকদের জানানোরও কোনো সুযোগ নেই।"

যদিও চলতি বছরের জানুয়ারিতে, ক্যালিফোর্নিয়ার এই স্টার্টআপটি এমন একটি সিস্টেম চালু করে যা ব্যবহারকারীর বয়স অনুমান করে এবং যদি এটি কোনো নাবালককে শনাক্ত করে, তবে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করে। ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য চ্যাটজিপিটি ব্যবহার নিষিদ্ধ এবং ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য পিতামাতার সম্মতি প্রয়োজন। কিন্তু সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট (সিসিডিএইচ)-এর একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে উথমায়ার উল্লেখ করেন, যেখানে একজন কিশোরের ছদ্মবেশে চ্যাটজিপিটি’র সাথে বেশ কয়েকটি কথোপকথন করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, চ্যাটবটটি প্রিয়জনদের কাছ থেকে খাদ্যাভ্যাস কীভাবে লুকানো যায় এবং কীভাবে একটি "নিরাপদ" উপায়ে আত্মহত্যা বা আত্ম-ক্ষতির পরিকল্পনা করা যায়, সে বিষয়েও পরামর্শ দিয়েছিল। এ প্রেক্ষাপটে নাবালক ব্যবহারকারীদের জন্য আরও শক্তিশালী সুরক্ষা এবং প্রতিটি নিয়ম লঙ্ঘনের জন্য উথমায়ার ১০ হাজার ডলার ক্ষতিপূরণ নির্ধারণের দাবি করছেন মামলায়।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি যে, ওপেনএআই ও তার চ্যাটজিপিটি এবং ব্যক্তিগতভাবে স্যাম অল্টম্যান সম্ভাব্য শত শত কোটি ডলার পর্যন্ত ক্ষতির জন্য দায়ী।”

অ্যাটর্নি জেনারেল “শিশুদের সুরক্ষা দিতে চায়” এমন অন্যান্য রাজ্যগুলোকে এই মামলায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ