মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭


চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেফতার ৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২জুন) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে জনসংযোগ শাখার সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ।

তিনি বলেন, সোমবার নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সিএমপির ১৬ থানার অভিযানে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান চলমান রয়েছে। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

এর আগে সোমবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিলের একাধিক ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, নগরের মিছিলটি ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বের করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিল নিয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হন নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিলের ব্যানারে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ লেখা ছিল। মিছিলটি দুই নম্বর গেট এলাকার আশপাশ থেকে শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ