নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, বাংলাদেশে নবজাতক থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সব শ্রেণির মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দেশের পরিবেশ ও পরিস্থিতি শিশুর মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। ফলে অধিকারবঞ্চিত মানুষ দেশের সম্পদে পরিণত হওয়ার পরিবর্তে বোঝায় পরিণত হচ্ছে।
তিনি বলেন, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ নাগরিক সুবিধাবঞ্চিতদের তালিকায় শীর্ষে রয়েছে। ডেঙ্গু, ডায়রিয়া, জলাবদ্ধতা, যানজট, ছিনতাই ও রাহাজানির মতো সমস্যায় নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা নির্বাচিত হলে জনগণকে সর্বোচ্চ নাগরিক সুবিধা দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন যাত্রাবাড়ী থানার ৬৩ নম্বর ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, নাগরিকরা ট্যাক্স দেন নাগরিক সুবিধা পাওয়ার আশায়। অথচ গ্যাসের বিল পরিশোধ করেও অনেকে গ্যাস পাচ্ছেন না। মাস শেষে বিভিন্ন বিলের বোঝা নগরবাসীর জীবনকে অতিষ্ঠ করে তুলছে। যারা প্রশাসকের দায়িত্বে রয়েছেন, তাদের কর্মকাণ্ডে নাগরিকদের প্রতি দায়বদ্ধতার যথেষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি সংশ্লিষ্টদের দায়বদ্ধতার জায়গা থেকে জনগণকে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, জনগণ যেভাবে ইসলামী আন্দোলনের আহ্বানে সাড়া দিচ্ছে, তাতে আগামী সিটি করপোরেশন নির্বাচনে তারা সমর্থন দিয়ে মেয়রপ্রার্থী শেখ ফজলুল করীম মারুফকে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।
এসএইচ/