শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সারের সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা ও নিয়ন্ত্রণের ঘাটতি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেছেন, কৃষি উৎপাদনের জন্য সার অপরিহার্য। প্রয়োজনের সময়ে কৃষক সার না পেলে শুধু কৃষকই ক্ষতিগ্রস্ত হবেন না, দেশের খাদ্য উৎপাদনও ব্যাহত হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট সমবায় মার্কেট প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘কৃষি উৎপাদনে সার একটি অপরিহার্য ও মৌলিক প্রয়োজন, যা সরাসরি মানুষের খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। সেই সার নিয়েও দেশে তামাশা শুরু হয়েছে। প্রয়োজনের সময়ে অনেক কৃষক সার পাচ্ছেন না। কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। কোথাও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কোথাও ডিলারের গুদামে সার নেই বলা হলেও পরে সেই সার অন্যত্র বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে। সার সংকটের মূল কারণ সরকারের অব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দুর্বলতা।’

কৃষকদের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার কুড়িগ্রামের মানুষ কৃষিকাজ করে জীবন নির্বাহ করে। তারা যদি সময়মতো সার না পায়, তাহলে তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে। একই সঙ্গে দেশে খাদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। এমন জনগুরুত্বপূর্ণ বিষয়েও সরকারের অবহেলা ও উদাসীনতা মেনে নেওয়া যায় না।’

সরকারের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের পরিস্থিতির অসঙ্গতি তুলে ধরে পীর সাহেব চরমোনাই বলেন, ‘সরকার বলছে, গুদামে পর্যাপ্ত সার রয়েছে, যা দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা মেটানো সম্ভব। একই সঙ্গে আমদানির ব্যবস্থাও করা হয়েছে। তাহলে আমার কৃষক ভাই কেন সার পাচ্ছে না?’

তিনি প্রশ্ন করেন, ‘রাজনৈতিক পালাবদলের কারণে সারের ডিলারশিপ নিয়ে রাজনীতি হচ্ছে—এর কাফফারা আমার কৃষক ভাইকে কেন দিতে হবে?’

রাজারহাট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, পুরোনো ডিলারদের কেউ কেউ নতুন নীতিমালা বাস্তবায়নে অসন্তুষ্ট হয়ে সার উত্তোলন ও বিতরণে অসহযোগিতা করছেন বলে জানা যাচ্ছে। ডিলারদের একাংশ বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘কেউ খুচরা বাজারে বেশি দামে সার বিক্রি করছে, আবার কেউ স্থানীয়ভাবে সার আটকে রাখছে। এসব সমস্যা সমাধান করার জন্যই রাষ্ট্র ও সরকার।’

সরকারের প্রতি প্রশাসনিক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘প্রশাসনকে আরও দক্ষ করুন। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। জনগণের সংকট নিরসন করুন। কৃষকদের কাছে সার পৌঁছে দিন।’

তিনি সতর্ক করে বলেন, ‘তা না করে সরকার যদি ডিলারদের কাছে জিম্মি হয় বা ডিলারদের স্বার্থে কাজ করে, তাহলে সারের জন্য জনতা রাজপথে নামতে বাধ্য হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর বখত মিয়া, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আইমানী, জেলা সাংগঠনিক সম্পাদক শেখ নুর মোহাম্মাদ প্রমুখ।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ