নিজস্ব প্রতিবেদক
বৃহত্তর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।
শুক্রবার (১০ জুলাই) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পাহাড়ধস, প্রাণহানি, ঘরবাড়ি তলিয়ে যাওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। একই সঙ্গে নতুন নতুন এলাকাও বন্যাকবলিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
তারা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। হাজারো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা, পর্যাপ্ত ত্রাণ বিতরণ এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম জোরদারে সরকারের প্রতি আহ্বান জানান খেলাফত মজলিসের শীর্ষ দুই নেতা।
বিবৃতিতে দল-মত নির্বিশেষে দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
এছাড়া খেলাফত মজলিস ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সক্রিয়ভাবে অংশ নেওয়ারও আহ্বান জানান নেতৃদ্বয়।
আইও/