আওয়ার ইসলাম ডেস্ক
খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, দেশের মানুষ দুর্নীতি, লুটপাট ও ফ্যাসিবাদমুক্ত একটি উন্নয়নশীল বাংলাদেশ দেখতে চায়। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে ক্ষমতায় আসা সরকারগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে দুর্নীতি, অর্থপাচার এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা ক্ষুণ্ন করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টায় লন্ডনে খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত যুক্তরাজ্য সাউথ শাখার নির্বাহী বৈঠক ও ষান্মাসিক মজলিসে শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (৮ জুলাই) এ বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়।
মাওলানা সাদিকুর রহমান বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছে, তারা রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। একই সঙ্গে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, অবৈধভাবে প্লট-জমি ও অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন এবং মেগা প্রকল্পের নামে বিপুল অঙ্কের কমিশন বাণিজ্যের অভিযোগও করেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষ এসব অনিয়ম ও দুর্নীতির অবসান চায়। জাতির প্রত্যাশা, বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। এ লক্ষ্য অর্জনে তিনি নতুন সরকারের প্রতি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানান।
মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরখানীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, হাফিজ শেখ মুশতাক আহমদ, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির, হাফিজ মাওলানা কামরুল হাসান খান, মাওলানা আব্দুল আহাদ, কাজী মাওলানা আব্দুর রহমান, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুমান উদ্দিন, মাওলানা নুরুল আমীন, মাওলানা জাবির আহমদ, মাওলানা আশরাফুল মাওলা, মাওলানা সাইদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারা।
আইও/