বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন  কাতারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের হাফেজসহ ১০ জন খতমে নবুওয়াতের দাবিতে পাঁচ দফা ঘোষণা, ঢাকা অবরোধের হুঁশিয়ারি নবীজির রওজা জিয়ারতে নতুন নিয়ম, নুসুক অ্যাপে নিতে হবে অনুমতি  ইউপি নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি খতমে নবুওয়াত সেমিনারে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হলো স্মারক গ্রন্থের এক কপি খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খতমে নবুওয়াতের প্রতি বিশ্বাসকে ঈমানের অন্যতম মূল ভিত্তি উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেছেন, যারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করে না, তারা মুসলমান নয়। আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ পালনে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মানবজাতির হেদায়েত ও সঠিক পথের দিশা দিতে মহান আল্লাহ হজরত আদম (আ.) থেকে শুরু করে যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন। নবুওয়াতের সেই ধারার পূর্ণতা ও চূড়ান্ত সমাপ্তি ঘটেছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে।

কওমি মাদরাসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘কওমি মাদরাসাগুলো আমাদের মূল ভিত্তি। এই মাদরাসাগুলোকে দেখে-শুনে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের ঈমানকে ঠিক রাখতে হলে এই ভিত্তির প্রতি যত্নবান হতে হবে।’

দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের পাশে থাকার প্রত্যয় জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘ইসলামের জন্য এবং দেশের আলেম-ওলামাদের জন্য যা করা দরকার, আমি ইনশাআল্লাহ তা করব। আমরা ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের সঙ্গে আছি এবং থাকব।’

তিনি আরও বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন। আল্লাহর হুকুম ও রাসূলের হুকুমের জন্য প্রয়োজনে জীবন দিতেও আমি প্রস্তুত।’

দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকারি উদ্যোগের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী জানান, মসজিদ, ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের হজযাত্রীর কোটা আরও পাঁচ হাজার বাড়িয়ে এক লাখ এক হাজার ৫০০-তে উন্নীত করা হয়েছে। এ জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত আলেম-ওলামা, হেফাজতে ইসলামের আমির ও সেক্রেটারি এবং পীর-মাশায়েখদের কাছে দোয়া চান ধর্মমন্ত্রী। একই সঙ্গে ইসলামের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করেন তিনি।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ