নিজস্ব প্রতিবেদক
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে জাতীয় সংসদে আইন পাসের আহ্বান জানিয়েছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমীর আল্লামা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুরী)। তিনি বলেছেন, দাবি আদায় না হলে প্রয়োজনে ঢাকায় বিশাল মহাসমাবেশ এবং রাজধানীর চারপাশ অবরোধের কর্মসূচি দেওয়া হবে। এ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
খতমে নবুওয়াত বাংলাদেশ এবং ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ বাংলাদেশ’-এর উদ্যোগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম, ইসলামী সংগঠনের নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারে শারীরিক অসুস্থতার কারণে অডিও ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি খতমে নবুওয়াতের আন্দোলনের প্রতি নিজের পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন। প্রয়োজনে এ আন্দোলনে জীবন উৎসর্গের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ও তারেক রহমান এ দেশের মুসলমানদের সঙ্গে আছেন। স্বাধীনতার পর প্রথমবারের মতো ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি দেশের কওমি মাদরাসাগুলোর অবদানের কথা তুলে ধরে তাদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আল্লামা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুরী) বলেন, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সরকারকে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। এ বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং ধর্মমন্ত্রীসহ অন্যান্য সংসদ সদস্যের সঙ্গেও ধারাবাহিক আলোচনা চলছে। দাবি আদায়ে প্রয়োজনে গুলির সামনে বুক পেতে দেওয়ার ঘোষণা দেন তিনি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ মেহমান হিসেবে অংশ নেন ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সায়্যিদ আজহার মাদানী। উদ্বোধনী বক্তব্য দেন আয়োজক পরিষদের আহ্বায়ক মুফতী মোহাম্মদ আলী। পাঁচ দফা ঘোষণাপত্র পাঠ করেন পরিষদের সদস্যসচিব মুফতী হাফিজ উদ্দিন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বক্তব্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও মওদুদীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, তাদের বক্তব্যে দ্বীন প্রচার ও পবিত্র কোরআনের অর্থ নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা নতুন নবুওয়াতের পথ তৈরি করে। তিনি এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান।
সেমিনারে পাঁচ দফা ঘোষণাপত্রে সরকারের কাছে কয়েকটি দাবি ও সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের অপতৎপরতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, সীরাতবিষয়ক গ্রন্থ অনুবাদ ও প্রচার, মডেল মসজিদগুলোকে সীরাত ও সুন্নাহ চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা, জুমার খুতবায় আকীদায়ে খতমে নবুওয়াত বিষয়ে আলোচনার ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রকাশনাগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি।
এ ছাড়া ঘোষণাপত্রে আহমদীয়া জামাত বা কাদিয়ানিদের ক্ষেত্রে মসজিদসহ ইসলামী পরিভাষা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়।
সেমিনারে বিশেষ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় মঞ্চে উপস্থিত শীর্ষস্থানীয় আলেমদের স্বাক্ষরসংবলিত স্মারকগ্রন্থের একটি কপি উন্মুক্ত নিলামে তোলা হয়। ১ হাজার টাকা ভিত্তিমূল্যের নিলামে সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার টাকায় বইটি কিনে নেন বিশিষ্ট আলেম মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ। নিলাম পরিচালনায় সরব ভূমিকা রাখেন মুফতি লুৎফুর রহমান ফরায়েজীসহ উপস্থিত আলেমরা।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি খলিল আহমদ কুরাইশী কাসেমী, মাওলানা সাজিদুর রহমান, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শাহ সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি আরশাদ রহমানী, মাওলানা আব্দুল আউয়াল, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি জসীমুদ্দীন, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুনির হোসেন কাসেমী, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা যাইনুল আবেদীন ও মাওলানা নাজমুল হাসান কাসেমীসহ দেশবরেণ্য আলেম ও রাজনৈতিক নেতারা।
সেমিনারে শতাধিক আলেম ও চার শতাধিক প্রতিনিধি অংশ নেন।
এসএইচ/