নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অনুষ্ঠিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে প্রকাশিত স্মারক গ্রন্থের একটি বিশেষ কপি উন্মুক্ত নিলামে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বইটি কিনেছেন বিশিষ্ট আলেম মাওলানা ইয়াহইয়া মাহমুদ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার চলাকালে মঞ্চে উপস্থিত শীর্ষস্থানীয় আলেম ও অতিথিরা স্মারক গ্রন্থটির বিশেষ কপিতে স্বাক্ষর করেন। পরে উন্মুক্ত নিলামে তোলা হয় বইটি।
মাত্র এক হাজার টাকা ভিত্তিমূল্য ধরে নিলাম শুরু হয়। উপস্থিত আলেম ও সুধীজনদের অংশগ্রহণে পর্যায়ক্রমে বইটির দাম ১০ হাজার, ২০ হাজার ও ৩০ হাজার টাকা ছাড়িয়ে যায়। নিলাম পরিচালনা করেন মুফতি এনায়েতুল্লাহ। এ সময় মুফতি লুৎফুর রহমান ফরায়েজীসহ উপস্থিত আলেমরা নিলামে অংশ নেন। শেষ পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার টাকা দর দিয়ে বইটি কিনে নেন মুফতি ইয়াহইয়া মাহমুদ।
আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)-এর সভাপতিত্বে সেমিনারে প্রধান মেহমান হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
সেমিনারে দেশের শীর্ষস্থানীয় আলেম ও বিভিন্ন ইসলামী দলের নেতারা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বিশিষ্ট মুফাসসিরে কুরআন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা যাইনুল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ এবং মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরীসহ দেশের বরেণ্য আলেম ও শিক্ষাবিদরা।
সেমিনারে বক্তারা খতমে নবুওয়াতের আকীদা সংরক্ষণ এবং এ বিষয়ে জনসচেতনতা ও তাত্ত্বিক চর্চা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এসএইচ/