বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাতারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের হাফেজসহ ১০ জন খতমে নবুওয়াতের দাবিতে পাঁচ দফা ঘোষণা, ঢাকা অবরোধের হুঁশিয়ারি নবীজির রওজা জিয়ারতে নতুন নিয়ম, নুসুক অ্যাপে নিতে হবে অনুমতি  ইউপি নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি খতমে নবুওয়াত সেমিনারে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হলো স্মারক গ্রন্থের এক কপি খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ  নারীদের ঘরের বাইরে চাকরি: শরিয়তের বিধান ও শর্তাবলি লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ  শ্রমিক বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কাতারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের হাফেজসহ ১০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন মুখস্থ প্রতিযোগিতা ‘আওয়াল আল-আওয়ায়েল’-এর তৃতীয় আসরের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন বাংলাদেশসহ পাঁচ দেশের ১০ জন হাফেজ। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ীর জন্য নির্ধারিত রয়েছে ১০ লাখ কাতারি রিয়াল পুরস্কার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানী দোহার ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শেষ হয়েছে। এদিন শেষ তিন প্রতিযোগীর পরীক্ষা নেওয়া হয়। এর আগে সোমবার সাতজনের পরীক্ষা সম্পন্ন হয়। ১০ প্রতিযোগীর পারফরম্যান্স মূল্যায়ন করে বিজয়ী নির্বাচন করা হবে।

বৃহস্পতিবার দোহার শেরাটন হোটেলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রী গনেম বিন শাহিন বিন গনেম আল গনিম।

‘আওয়াল আল-আওয়ায়েল’ কাতারের প্রতিষ্ঠাতা শেখ জাসিম বিন মুহাম্মদ বিন সানির নামে আয়োজিত পবিত্র কোরআন প্রতিযোগিতার আন্তর্জাতিক শাখা। এবারের আসরের চূড়ান্ত পর্বে বাংলাদেশের পাশাপাশি মিসর, লিবিয়া, নাইজার ও চাদের প্রতিযোগীরা অংশ নিয়েছেন।

প্রতিযোগিতার তৃতীয় আসরে বিশ্বের ৩৫টি দেশ থেকে ৯৮ জন আবেদন করেন। প্রাথমিক অনলাইন বাছাই শেষে ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী দোহায় প্রথম পর্বে অংশ নেওয়ার সুযোগ পান। এ পর্বে প্রতিযোগীদের সম্পূর্ণ কোরআন মুখস্থ এবং এর শব্দগুলোর অর্থ সম্পর্কে পরীক্ষা নেওয়া হয়।

গত ৯ থেকে ১৪ নভেম্বর দোহার ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে অনুষ্ঠিত প্রথম পর্বের প্রতিযোগিতা থেকে সেরা ১০ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়।

চূড়ান্ত পর্বের কার্যক্রমে কাতার টেলিভিশনের পরিচালক আলী সালেহ আল-সাদাসহ দেশটির টেলিভিশন, রেডিও ও হলি কোরআন রেডিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় এবং কাতার মিডিয়া করপোরেশনের কৌশলগত অংশীদারত্বে প্রতিযোগিতার প্রথম ও চূড়ান্ত পর্ব সম্প্রচার করা হয় কাতার টেলিভিশন-২ এবং হলি কোরআন রেডিওতে। এ ছাড়া আল রাইয়ান টেলিভিশন প্রতিযোগিতার বিভিন্ন পর্ব নিয়ে সরেজমিন প্রতিবেদন ও সাক্ষাৎকার প্রচার করে। ইসলামওয়েবেও পুরো প্রতিযোগিতা সম্প্রচার করা হয়।

আয়োজকদের লক্ষ্য, বিভিন্ন দেশের কৃতী হাফেজদের একত্র করা, তাঁদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি এবং কোরআন মুখস্থ ও আয়ত্তে উৎকর্ষ অর্জনকারীদের স্বীকৃতি দেওয়া। পাশাপাশি কোরআনবিষয়ক উদ্যোগে উৎসাহ, ইসলামী মূল্যবোধের প্রসার, জাতীয় পরিচয় সুদৃঢ় করা এবং মানবসম্পদ উন্নয়নেও ভূমিকা রাখতে চায় কাতার। দেশটির জাতীয় রূপকল্প ২০৩০-এর লক্ষ্যগুলোর সঙ্গেও এ আয়োজন সামঞ্জস্যপূর্ণ।

তথ্যসূত্র: পেনিনসুলা কাতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ