বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ  নারীদের ঘরের বাইরে চাকরি: শরিয়তের বিধান ও শর্তাবলি লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ  শ্রমিক বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সংঘর্ষের জেরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির মহাখালীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম অর্জন: কী বলে শরিয়ত? কুমিল্লায় আজ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৮ বরেণ্য আলেম আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস আজ

খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ব্যবস্থাপনায় ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন মাদরাসার প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় চারটি গ্রুপ থেকে ২৮ জন শিক্ষার্থী ‘ইয়েস কার্ড’ পেয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদে এ প্রতিযোগিতা শুরু হয়। জেলার মানিকছড়ি, রামগড়, গুইমারা, মাটিরাঙ্গা, পানছড়ি ও দীঘিনালাসহ ৯টি উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা এতে অংশ নেয়। পবিত্র কুরআনের প্রথম পারা থেকে ৩০ পারা পর্যন্ত চারটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বোর্ড নির্ধারিত নম্বর অর্জন করে প্রতিটি গ্রুপ থেকে সাতজন করে মোট ২৮ জন বিভাগীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।

প্রতিযোগিতা শেষে আসরের নামাজের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা হাবীবুল্লাহ জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ ক্বারি মুহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এরশাদুল্লাহ তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ আবছার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি খাগড়াছড়ির সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, খাগড়াছড়ি জেলা বেফাক বোর্ডের সাধারণ সম্পাদক মুফতি নোমান, খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, হেফাজতে ইসলাম খাগড়াছড়ির দপ্তর সম্পাদক মাওলানা রেজাউল করিম মিসবাহ ও মাওলানা আখতারুজ্জামান ফারুকী।

এ ছাড়া জেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষক, মসজিদের ইমাম-খতিব ও আলেম-ওলামারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা এরশাদুল্লাহ তালুকদার বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ির হাফেজ শিক্ষার্থীদের তেলাওয়াতের মান অত্যন্ত সন্তোষজনক। শিক্ষার্থীদের তেলাওয়াত আরও সুন্দর ও শুদ্ধ করতে আগামী রমজান মাসে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে বিভিন্ন মাদরাসার শিক্ষকদের নিয়ে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ