আন্তর্জাতিক ডেস্ক
মসজিদে হারামের ধর্মবিষয়ক প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আস-সুদাইস রোববার (৪ অক্টোবর) কুরআনের কেরাত বিষয়ক প্রথম শিক্ষামূলক কোর্সের উদ্বোধন করেছেন। কোর্সটিতে কুরআনের বিভিন্ন কেরাত, দশ কেরাতের ইমামদের জীবন ও পদ্ধতি এবং সংক্ষিপ্ত সুরাগুলোতে কেরাতের ভিন্নতা নিয়ে পাঠদান করা হবে।
কোর্সে শায়খ আবদুর রহমান আস-সুদাইসের পাশাপাশি মসজিদুল হারামের ইমাম শায়খ ফয়সাল গাজ্জাওয়ি, শায়খ আবদুল্লাহ আল-জুহানি, শায়খ মুহাম্মদ বারহাজি, শায়খ আল-ওয়ালিদ আশ-শামসান ও শায়খ আবদুল্লাহ আল-কারাফি অংশ নিচ্ছেন।
কোর্সের সেশনগুলোতে কুরআনের কেরাতশাস্ত্রের মর্যাদা ও ইসলামি বিধিবিধানের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি কেরাতশাস্ত্র এবং কেরাতের বর্ণনাকারীদের জন্য প্রয়োজনীয় শর্তাবলি নিয়েও পাঠদান থাকবে।
এ ছাড়া দশ কেরাতের ইমামদের পরিচয়, জীবনী ও জীবনকথা, সংক্ষিপ্ত সূরাগুলোতে দশ কেরাতের মূলনীতি এবং এসব সূরায় পাওয়া বিভিন্ন কিরাআতের ব্যাখ্যা ও দিকনির্দেশনা তুলে ধরা হবে।
কোর্সের গুরুত্বপূর্ণ একটি অংশে দশ কেরাত অনুযায়ী সংক্ষিপ্ত সূরাগুলো আলাদাভাবে একে একে শেখানো হবে। কুরআনের কেরাতশাস্ত্রের জ্ঞানকে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: হারামাইন আর্কাইভ
আইও/