আন্তর্জাতিক ডেস্ক
আসল সম্পদ কী?—এ প্রশ্নের জবাবে মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুজাইয়ান বলেছেন, কানাআত বা অল্পেতুষ্টিই সবচেয়ে বড় সম্পদ এবং প্রকৃত সুখের চাবিকাঠি।
শুক্রবার (২ অক্টোবর) মসজিদে নববীতে দেওয়া খুতবায় তিনি বলেন, আল্লাহ তায়ালা বান্দাদের মধ্যে রিজিক বণ্টন করেছেন এবং তাদের বয়স, অবস্থা ও জীবনের পরিস্থিতিতে ভিন্নতা রেখেছেন। আল্লাহর এ বণ্টনে যে সন্তুষ্ট থাকে, তার অন্তরে প্রশান্তি ও আত্মায় স্বস্তি আসে। আর যে অন্যের সম্পদের দিকে তাকিয়ে থাকে, সে হিংসা ও লোভে আক্রান্ত হয়ে অন্তর থেকে দরিদ্র হয়ে পড়ে—তার সম্পদ যতই বেশি হোক না কেন।
শায়খ আল-বুজাইয়ান বলেন, কানাআতের অর্থ পরিশ্রম ছেড়ে দেওয়া, রিজিকের সন্ধান বন্ধ করা কিংবা জীবনের লক্ষ্য থেকে সরে দাঁড়ানো নয়। বরং কানাআত হলো—মানুষ বৈধ উপায় ও চেষ্টা অবলম্বন করবে এবং ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা রাখবে।
খুতবায় তিনি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি সা.-এর একটি বাণীও উল্লেখ করেন। এতে বলা হয়েছে, আল্লাহ তোমাদের জন্য যে বণ্টন করেছেন, তাতে সন্তুষ্ট থাকো; তাহলে মানুষের মধ্যে তোমরাই সবচেয়ে ধনী হয়ে যাবে।
দ্বিতীয় খুতবায় তিনি বলেন, আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের কল্যাণ ও অকল্যাণ—উভয়টি দিয়ে পরীক্ষা করেন। দরিদ্র ব্যক্তির পরীক্ষা তার অভাব ও সংকটের মাধ্যমে, আর ধনী ব্যক্তির পরীক্ষা তার সম্পদের মাধ্যমে।
তিনি অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের প্রতি সদাচরণের আহ্বান জানান। একই সঙ্গে নিয়ামতের প্রদর্শন ও ছবি প্রকাশের বিষয়ে সতর্ক করে বলেন, এর মাধ্যমে যেন অন্য কারও মনে কষ্ট বা বঞ্চনার অনুভূতি সৃষ্টি না হয়। কিছু নিয়ামতের শোকর আদায়ের একটি দিক হলো, সেগুলো গোপন রাখা।
খুতবায় মুসল্লিদের নিজেদের প্রাপ্ত নিয়ামতগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার এবং অন্যের বাহ্যিক জীবন দেখে নিজের নিয়ামতকে তুচ্ছ না করার আহ্বান জানানো হয়।
সূত্র: দ্য গেট টু হারামাইন
আইও/