আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র মক্কা ও মদিনাসহ মসজিদ এবং বেসামরিক স্থাপনায় হামলার চেষ্টার কঠোর নিন্দা জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাহ। তিনি বলেছেন, পবিত্র স্থান ও শান্তিপূর্ণ মানুষের ওপর হামলা অপরাধমূলক আগ্রাসন, যার সঙ্গে ধর্মীয় বা নৈতিক কোনো নীতির সম্পর্ক নেই।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন।
শায়খ বান্দার বালিলাহ বলেন, হুতি গোষ্ঠীর পক্ষ থেকে পবিত্র স্থান ও বেসামরিক এলাকায় হামলার বারবার চেষ্টা গভীরভাবে নিন্দনীয়। মক্কা, মদিনা ও মসজিদকে লক্ষ্য করে পরিচালিত হামলা কোনো ধর্মীয় আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের কর্মকাণ্ড তাদের আদর্শিক বিচ্যুতি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড আড়াল করতে বিভিন্ন স্লোগান ব্যবহারের বিষয়টি প্রকাশ করে।
খুতবায় মুসলিমদের পরস্পরের প্রতি কুধারণা থেকে বিরত থাকারও আহ্বান জানান মসজিদুল হারামের খতিব। তিনি বলেন, অন্য মুসলিমদের সম্পর্কে অমূলক সন্দেহ পোষণ করলে তা গুপ্তচরবৃত্তি, পরনিন্দা ও প্রকাশ্য শত্রুতার মতো গুরুতর অপরাধের দিকে নিয়ে যেতে পারে।
তিনি বলেন, অন্যের প্রতি ভালো ধারণা পোষণ করা মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি আসে, দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের পথ তৈরি হয় এবং সমাজে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য শক্তিশালী হয়।
শায়খ বান্দার বালিলাহ আরও বলেন, যেসব অস্পষ্ট পরিস্থিতি মানুষের মনে সন্দেহ তৈরি করে, সেগুলো থেকে দূরে থাকা উচিত। কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি বা সন্দেহ দেখা দিলে অনুমানের ওপর নির্ভর না করে দ্রুত প্রকৃত তথ্য যাচাই ও বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন। এতে পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে বিরোধ ও সম্পর্কের অবনতি এড়ানো সম্ভব।
সূত্র: হারামাইন আর্কাইভ
আইও/