আন্তর্জাতিক ডেস্ক:
মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান (Head of Religious Affairs) শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস মসজিদে নববীতে পরিচালিত কুরআন তেলাওয়াত কর্মসূচির সদস্যদের সঙ্গে সোমবার (২০ জুলাই) এক সৌজন্য ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন মসজিদে নববীর বিশিষ্ট কারী ও শাইখুল কুররা শাইখ ইবরাহিম আল-আখদার, কুরআন তেলাওয়াত কর্মসূচির সাধারণ তত্ত্বাবধায়ক শাইখ ড. মুহাম্মাদ বারহাজি, শাইখ ড. আহমাদ আল-হুদাইফি এবং মসজিদে নববীর একদল পুরুষ ও নারী ক্বারি।
বৈঠকে পবিত্র কুরআনের শুদ্ধ তেলাওয়াত, তাজবিদের মানোন্নয়ন এবং মসজিদে নববীতে পরিচালিত কুরআন শিক্ষা ও তেলাওয়াত কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস কুরআনের খেদমতে নিয়োজিত ক্বারি ও শিক্ষকদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত, শিক্ষা ও প্রচার মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। হারামাইনের কুরআনভিত্তিক কার্যক্রম বিশ্বব্যাপী মুসলমানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করছে।
তিনি কুরআনের সেবায় নিয়োজিত সকল ক্বারিকে নিষ্ঠা, ইখলাস ও পেশাগত উৎকর্ষ বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি পবিত্র কুরআনের শিক্ষা ও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াতের বার্তা বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে অংশগ্রহণকারীরা হারামাইনের কুরআন তেলাওয়াত কর্মসূচির উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন এবং এ উদ্যোগকে আরও কার্যকর ও আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: হারামাইন আর্কাইভ
আওয়ার ইসলাম/জেডএম
