মদিনা অঞ্চলের আমির প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুলআজিজ আল সৌদ হিজরাহ রোডে অবস্থিত হাজি ও ওমরাহ যাত্রীদের স্বাগত ও রিসেপশন কেন্দ্র পরিদর্শন করেছেন। আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে কেন্দ্রটির সেবা কার্যক্রম ও প্রস্তুতির অগ্রগতি মঙ্গলবার (১২ মে) সরেজমিনে দেখতে তিনি এ পরিদর্শনে যান।
পরিদর্শনকালে আমির কেন্দ্রের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং আগত হজ ও ওমরাহ যাত্রীদের জন্য প্রদত্ত সেবা কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, তথ্যসেবা এবং লজিস্টিক সহায়তার বিস্তারিত পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় তাকে কেন্দ্রের কার্যক্রম, ব্যবস্থাপনা কাঠামো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
কর্মকর্তারা জানান, হজযাত্রীদের নির্বিঘ্ন আগমন ও প্রাথমিক সেবা নিশ্চিত করতে এই রিসেপশন সেন্টারে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এখানে স্বাস্থ্যসেবা, তথ্য সহায়তা, পরিবহন সমন্বয় এবং নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত ইউনিট কাজ করছে।
