রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮


লুটনে মুফতি আবুল হাসান এমপিকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

যুক্তরাজ্যের লুটনে খেলাফত মজলিসের উদ্যোগে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আবুল হাসান এমপিকে সংবর্ধনা এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) লুটনের ঈসা হলে খেলাফত মজলিস লুটন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। শাখার সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ উবায়দুল্লাহ। শুরুতে পবিত্র কোরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন শাখার প্রচার সম্পাদক মাওলানা হাফিজ কে. আই. ফেরদৌস।

সভাপতির স্বাগত বক্তব্যের পর বক্তব্য দেন লুটন ব্যারিপার্ক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ ফিরদাউস।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবুল হাসান এমপি বলেন, জকিগঞ্জ-কানাইঘাট আসন থেকে নির্বাচিত হলেও তার দায়িত্ব শুধু ওই এলাকার মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়।

তিনি বলেন, ‘আমাকে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ নির্বাচিত করেছেন, আমার জন্য দোয়া করেছেন পুরো দেশের মানুষ। তাই আমি শুধু জকিগঞ্জের এমপি নই; আমি পুরো বাংলাদেশের এমপি। পুরো বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই।’

তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, বিশেষ করে নদীভাঙন, প্রবাসীদের অধিকার, বিমানবন্দর সেবা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তার ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

নদীভাঙনের কারণে দেশের ভূখণ্ড ও সীমান্তের ওপর যে প্রভাব পড়ছে, সে বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরার কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কাজ চলছে।

প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মুফতি আবুল হাসান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি কাজ করে যাবেন।

বিদেশে কোনো প্রবাসী মারা গেলে মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দাফন-কাফনের ক্ষেত্রে তার নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে প্রবাসী পরিবারগুলো যাতে দ্রুত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা পায়, সে জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবেন।

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট না থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন মুফতি আবুল হাসান এমপি।

তিনি বলেন, নামে আন্তর্জাতিক বিমানবন্দর হলেও সেখানে পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট না থাকলে সেটিকে কীভাবে কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দর বলা যায়?

সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, আন্তর্জাতিক বিমান সংস্থার ফ্লাইট বৃদ্ধি, প্রবাসীদের হয়রানি বন্ধ এবং বিমানভাড়া যৌক্তিক করার বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান তিনি।

সিলেট বিমানবন্দরে আরও বেশি আন্তর্জাতিক ফ্লাইটের অবতরণ নিশ্চিত করা এবং প্রবাসীদের জন্য বিমানযাত্রা সহজ ও সাশ্রয়ী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

 

অনুষ্ঠানে কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন জনমুখী প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন খেলাফত মজলিস লুটন শাখার সহকারী সাধারণ সম্পাদক মাওলানা নুমান আহমদ।

প্রস্তাবগুলোর মধ্যে জাতীয় সংস্কার ও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, কওমি মাদরাসার সনদের কার্যকর মূল্যায়ন, খতমে নবুওয়াতের আকিদার সুরক্ষা, ধর্মীয় অনুভূতির সুরক্ষা, যুবসমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের বিষয়গুলো উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাউথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম মামরোখানি ও সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির।

বক্তারা বলেন, একজন আলেম ও সংসদ সদস্য হিসেবে মুফতি আবুল হাসানের কাছে জনগণের প্রত্যাশা তুলনামূলকভাবে বেশি। তারা আশা প্রকাশ করেন, তিনি জাতীয় সংসদে মানুষের অধিকার, ন্যায়বিচার, প্রবাসীদের স্বার্থ এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে ফার্লি-হিল মসজিদের ইমাম ও খতিব হাফিজ তৈয়ব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম লুটন শাখার সেক্রেটারি ও জুহরী একাডেমির ইমাম-খতিব মাওলানা নাবিল আহমদ, মসজিদ বিলালের ইমাম মাওলানা হাফিজ ফারহাত, মাদীনা মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহিদ আহমদ, মাওলানা আব্দুল মালিক, বিলাল আহমদ, মাওলানা শাহজাহান, মিফতাউর রহমান, জাহেদ আহমদ, আহমদ হুসাইন, হাফিজ আলম, মাওলানা নাজির আহমদ, মাওলানা জাহিদুল ইসলাম, শাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি আবুল হাসান এমপি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ