নিজস্ব প্রতিবেদক
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আগামী ৪ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৫তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৬’। বাদ জুমা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনে মিসর, ইরান, আফগানিস্তান, তুরস্ক ও ইরাকের খ্যাতিমান কারীরা অংশ নেবেন। এ বছর আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্মেলনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে পিএইচপি ফ্যামিলি পৃষ্ঠপোষকতা এবং ইসলামিক ফাউন্ডেশন সহযোগিতা করছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহ হিল বাকী নদভী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব তানভির আহমাদ এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এজাজ আহমেদ। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফী মোহাম্মদ মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার সভাপতি ও বিশ্বখ্যাত কারী উস্তায শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
এবারের সম্মেলনে পাঁচ দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারীরা কুরআন তিলাওয়াত করবেন। তাদের মধ্যে রয়েছেন মিসরের কারী ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার, ইরানের উস্তায কারী মাহদি আদেলী, আফগানিস্তানের উস্তায কারী আলী রেজা রেয়াঈ, তুরস্কের শাইখ কারী হুসাইন তুরকান এবং ইরাকের ড. খাইরুদ্দিন আল-হাদী।
উল্লেখ্য, ১৯৬৬ সালে উপমহাদেশে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ইলমে ক্বিরাতের প্রচার-প্রসারে ইমামুল কুররা মাওলানা কারী মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর উদ্যোগে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৯১ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে এ পর্যন্ত ২৪টি আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছে। এবারের আয়োজনটি হবে সংস্থাটির উদ্যোগে বাংলাদেশে ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। একই সঙ্গে এটি ইক্বরা প্রতিষ্ঠার ছয় দশক পূর্তির বিশেষ আয়োজন।
আইও/