মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা

দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী ||

আমাদের দ্বীনি মাদরাসার প্রাণকেন্দ্র হচ্ছে দারুল উলূম দেওবন্দ। যতদিন দেওবন্দের উসুল ও আদর্শ অনুসরণ করে মাদরাসাগুলো পরিচালিত হবে, সেগুলো দুনিয়া ও আখেরাতে সফল হবে। তাই সব পরিস্থিতিতে আকাবিরের দেখানো পথ আঁকড়ে ধরে থাকতে হবে। আমাদের আকাবিরদের জীবনাদর্শে তিনটি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যা একটি দ্বীনি প্রতিষ্ঠানকে বরকতময়, সফল ও ফলপ্রসূ করে তুলতে অপরিহার্য।

১. ইখলাস: আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা

আমাদের প্রতিটি কাজের মূল উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। দুনিয়াবি স্বার্থ, খ্যাতি, সম্মান কিংবা পদমর্যাদা যেন কখনো আমাদের দ্বীনি কাজের উদ্দেশ্য না হয়। বিশেষ করে আলেমদের ক্ষেত্রে শয়তান বিভিন্নভাবে প্ররোচনা সৃষ্টি করে। খ্যাতির মোহ, পদমর্যাদার আকাঙ্ক্ষা ও সম্পদের লোভ—এগুলো অত্যন্ত ভয়াবহ ফিতনা, যা দ্বীনি কাজের বরকত নষ্ট করে দেয়।

আমাদের আকাবিরগণ বড় বড় আলেম হওয়া সত্ত্বেও নিজেকে কখনো বড় করে দেখতেন না। হজরত মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবী রহ.-এর একটি প্রসিদ্ধ উক্তি রয়েছে। তিনি বলেছিলেন, “আমার নামের সঙ্গে যদি ইলমের সামান্যতম সম্পর্কও না থাকত, তাহলে মানুষ জানতেও পারত না যে কাসেম কোথায় জন্মগ্রহণ করেছেন এবং কোথায় মৃত্যুবরণ করেছেন!”

এটাই ছিল তাঁদের ইখলাতের অনন্য দৃষ্টান্ত। এই ইখলাসের ভিত্তিতেই দারুল উলূম দেওবন্দের মতো মহান দ্বীনি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। একটি ছোট গাছের নিচে শিক্ষাদানের মাধ্যমে যে প্রতিষ্ঠানের সূচনা, আল্লাহ তাআলা তাতে এমন বরকত দান করেছেন যে তার আলো আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

২. ইলমে গভীরতা: জ্ঞান অর্জনে দৃঢ়তা ও পরিপক্বতা

আমাদের আকাবিরদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ইলমের গভীরতা ও সুদৃঢ় ভিত্তি। তাঁরা শুধু ইলম অর্জনেই সীমাবদ্ধ থাকেননি; বরং ইলমের প্রতিটি শাখায় গভীর পাণ্ডিত্য ও পরিপক্বতা অর্জনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের ইলমের গভীরতা ছিল এমন, যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া সত্যিই কঠিন।

আল্লাহ তাআলা তাঁদের ইলম, আমল ও খেদমতের মাধ্যমে গোটা বিশ্বকে উপকৃত করেছেন এবং অসংখ্য মানুষকে ইলমের আলোয় আলোকিত করেছেন।

৩. উম্মতের ফিকির: দাওয়াত, সংশোধন ও আত্মশুদ্ধির চিন্তা

আমাদের আকাবিরদের তৃতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল উম্মতের প্রতি গভীর দরদ ও চিন্তা। তাঁদের উদ্দেশ্য শুধু মানুষকে ইলম শিক্ষা দেওয়া ছিল না; বরং মানুষকে প্রকৃত মুসলমান হিসেবে গড়ে তোলা, তাদের জীবনে ইসলামী চরিত্র, নৈতিকতা ও সুন্নাহর অনুসরণ প্রতিষ্ঠা করাও ছিল তাঁদের অন্যতম লক্ষ্য।

এ উদ্দেশ্যে তাঁরা দাওয়াত, সংশোধন ও আত্মশুদ্ধির এক অনন্য ব্যবস্থা গড়ে তুলেছিলেন। মাদরাসার পাশাপাশি আত্মশুদ্ধির জন্য খানকাহর ব্যবস্থাও ছিল। দারুল উলূম দেওবন্দের ইতিহাসে একটি প্রসিদ্ধ উক্তি রয়েছে—
উচ্চারণ: ‘দর মাদরাসাহ খানকাহ দিদম’
অর্থাৎ, ‘আমি মাদরাসার মধ্যেই খানকাহ দেখেছি।’

এর দ্বারা উদ্দেশ্য হলো, মাদরাসার শিক্ষার পাশাপাশি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সংশোধনের ব্যবস্থাও সেখানে বিদ্যমান ছিল। আকাবিরগণ নিজেরাও কোনো না কোনো আল্লাহওয়ালা বুযুর্গের সঙ্গে সম্পর্ক রাখতেন এবং তাঁদের সান্নিধ্যে থেকে নিজেদের আত্মশুদ্ধির প্রতি যত্নবান থাকতেন।

আমাদের করণীয়

আমাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো, আকাবির ও পূর্বসূরি মনীষীদের এই মহান আদর্শ ও ঐতিহ্যকে ধারণ করা এবং নিজেদের জীবন ও দ্বীনি প্রতিষ্ঠানের কার্যক্রমে তা বাস্তবায়ন করা। যত দিন আমরা তাঁদের এই মৌলিক আদর্শের ওপর অটল থাকব, তত দিন ইনশাআল্লাহ আমাদের দ্বীনি কাজেও বরকত, স্থায়িত্ব ও সফলতা আসবে।

মনে রাখতে হবে, একটি দ্বীনি প্রতিষ্ঠানের প্রকৃত সফলতা শুধু তার অবকাঠামো, শিক্ষার্থীর সংখ্যা কিংবা বাহ্যিক জৌলুশের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তার প্রকৃত সফলতা নিহিত রয়েছে ইখলাসে, ইলমে গভীরতায়, উম্মতের ফিকিরে।

এই তিনটি গুণের সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি আদর্শ দ্বীনি প্রতিষ্ঠান এবং আল্লাহর কবুলিয়াতপ্রাপ্ত দ্বীনি খেদমত।

(জামিয়া ফরিদাবাদের ‘৭০ সালা ফুজালা সম্মেলনে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকী উসমানী হাফিজাহুল্লাহর দেওয়া বক্তব্যের নির্বাচিত অংশ। শ্রুতি লিখন: মাওলানা মুহাম্মাদ আরশাদ; মুহাদ্দিস, ছমদিয়া আশরাফুল উলুম লোহাগাড়া, চট্টগ্রাম।)

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ