আওয়ার ইসলাম ডেস্ক
সন্তানের দ্বীনি শিক্ষা ও ভরণপোষণের দায়িত্ব বাবার ওপর। কিন্তু বাবা যদি সুদভিত্তিক ব্যাংকে চাকরি করেন এবং তাঁর উপার্জন শরিয়তবিরোধী হয়, তাহলে সেই টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম অর্জন করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়। বিশেষ করে যেসব শিক্ষার্থী বাবার উপার্জনের ওপর নির্ভরশীল, তাঁদের জন্য বিষয়টি জানা জরুরি।
সুদভিত্তিক ব্যাংকের চাকরি ও উপার্জন
সাধারণ বাণিজ্যিক ব্যাংকের যেসব পদে সরাসরি সুদী লেনদেন, সুদের হিসাব-নিকাশ লেখা, হিসাব সংরক্ষণ বা সুদ প্রসেসিংয়ের কাজ করতে হয়, সেসব কাজ শরিয়তের দৃষ্টিতে নাজায়েজ। এ ধরনের কাজের বিনিময়ে অর্জিত বেতনও হালাল নয়।
তবে ব্যাংকের সব পদের বিধান এক নয়। কাজের ধরন ও সুদী লেনদেনের সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনা করতে হবে।
বাবার উপার্জনে সন্তানের পড়াশোনা
কোনো সন্তান যদি বালেগ হয় এবং দ্বীনি ইলম অর্জনে নিয়োজিত থাকে, কিন্তু নিজে উপার্জন করতে সক্ষম না হয়, তাহলে তার ভরণপোষণের দায়িত্ব বাবার ওপর বহাল থাকে।
এ বিষয়ে ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বলা হয়েছে, দ্বীনি শিক্ষায় নিয়োজিত যেসব শিক্ষার্থী উপার্জন করতে অক্ষম এবং উপার্জনের পথও খুঁজে পায় না, তাদের ভরণপোষণের দায়িত্ব বাবার ওপর থেকে রহিত হয় না। তবে তারা শরয়ি ইলম অর্জনে নিয়োজিত হতে হবে। অপ্রয়োজনীয় বিতর্ক কিংবা দর্শনশাস্ত্রের ভিত্তিহীন আলোচনায় নিয়োজিত হলে এ বিধান প্রযোজ্য হবে না। (আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ১/৫৬৩)
একই বিষয়ে ফাতহুল কাদিরে উল্লেখ রয়েছে, দ্বীনি শিক্ষার্থীরা যদি উপার্জনের পথ খুঁজে না পায়, তাহলে তাদের ভরণপোষণের দায়িত্ব বাবার ওপর বর্তাবে। (ফাতহুল কাদির, ৪/৪১০)
সুতরাং কোনো শিক্ষার্থী যদি দ্বীনি ইলম অর্জনে নিয়োজিত থাকে এবং নিজের ভরণপোষণের ব্যবস্থা করতে সক্ষম না হয়, তাহলে বাবার ওপর তার প্রয়োজনীয় খরচ বহনের দায়িত্ব থাকবে।
বাবার উপার্জন হারাম হলে সন্তানের করণীয়
এ ক্ষেত্রে বাবার উপার্জনের ধরন বিবেচনা করা জরুরি। বাবার সম্পদের অধিকাংশ হালাল হলে এবং নির্দিষ্ট কোনো অর্থ হারাম বলে জানা না থাকলে তাঁর কাছ থেকে উপহার গ্রহণ বা খাবার খাওয়ার অবকাশ রয়েছে।
অন্যদিকে, তাঁর সম্পদের অধিকাংশ হারাম হলে এবং হালাল সম্পদের পৃথক পরিচয় জানা না থাকলে তা গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। তবে তিনি যদি জানান যে, নির্দিষ্ট অর্থটি হালাল উৎস থেকে এসেছে, যেমন উত্তরাধিকার বা ঋণের মাধ্যমে পাওয়া, তাহলে তা গ্রহণ করা যাবে। ফাতাওয়ায়ে হিন্দিয়ায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। (আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ৫/৩৪২)
তাই বাবার উপার্জন সম্পূর্ণ হারাম, নাকি তাতে হালাল-হারাম মিশ্রিত রয়েছে—এটি যাচাই করা প্রয়োজন। শুধু ব্যাংকে চাকরি করেন বলেই তাঁর সব সম্পদ বা প্রতিটি অর্থের একই বিধান দেওয়া যাবে না।
তবে কোনো শিক্ষার্থী যদি সম্পূর্ণভাবে বাবার ওপর নির্ভরশীল হয় এবং নিজের ভরণপোষণের বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে তার বাস্তব অবস্থা, প্রয়োজন ও বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে নির্ভরযোগ্য মুফতির কাছ থেকে সুনির্দিষ্ট ফতোয়া নেওয়া উচিত। বিশেষত খাবার, পোশাক, কিতাবপত্র ও শিক্ষার প্রয়োজনীয় খরচের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করতে হবে।
বাবার সঙ্গে আচরণ কেমন হবে?
বাবার উপার্জন হারাম হলেও তাঁর সঙ্গে অসদাচরণ করা যাবে না। তাঁর সঙ্গে সদ্ব্যবহার ও সম্মান বজায় রাখতে হবে। নম্রতা ও ভালোবাসার সঙ্গে তাঁকে হালাল উপার্জনের গুরুত্ব বোঝাতে হবে।
তাঁর হেদায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। পাশাপাশি নিজের খরচ বহনের জন্য হালাল উপার্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে। সামর্থ্য অনুযায়ী খণ্ডকালীন কাজ কিংবা মাদরাসার সহযোগিতা নেওয়া যেতে পারে।
দ্বীনি ইলম অর্জনকারীর জন্য হালাল উপার্জন ও পবিত্র জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অভাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়, সেটিও বিবেচ্য। তাই এ ধরনের ক্ষেত্রে একদিকে হারাম উপার্জন থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, অন্যদিকে শরিয়তের নির্ধারিত ভরণপোষণের অধিকারও বুঝতে হবে। ব্যক্তির বাস্তব অবস্থা বিবেচনা করে অভিজ্ঞ মুফতির পরামর্শ নেওয়াই উত্তম।
এসএইচ/