বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন  কাতারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের হাফেজসহ ১০ জন খতমে নবুওয়াতের দাবিতে পাঁচ দফা ঘোষণা, ঢাকা অবরোধের হুঁশিয়ারি

ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঘুরতে বেরিয়ে ইন্দোনেশিয়া থেকে তুরস্কে পৌঁছেছিলেন চীনের এক দম্পতি। সেখানে এক তুর্কি পরিবারের আন্তরিক আতিথেয়তা ও পবিত্র কুরআনের সংস্পর্শে এসে বদলে যায় তাদের জীবন। মুসলমানদের সুন্দর আচরণ ও ইসলামের শিক্ষা সম্পর্কে জানতে গিয়ে ধর্মটির প্রতি আকৃষ্ট হন তারা। শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন আট বছর ধরে বিবাহিত এই দম্পতি। নতুন করে ইসলামি রীতিতে বিয়েও সম্পন্ন করেন তারা।

প্রায় দুই বছর আগে বেইজিংয়ের চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বের হন মোইয়ান সং ও লুওশি শু। বিভিন্ন দেশের সংস্কৃতি ও মানুষের জীবনযাপন সম্পর্কে জানাই ছিল তাদের উদ্দেশ্য। ইন্দোনেশিয়া থেকে শুরু হওয়া এই ভ্রমণে মুসলমানদের আতিথেয়তা ও সুন্দর আচরণ তাদের ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি করে। তবে তুরস্কের আনতালিয়া শহরে এক পরিবারের সঙ্গে পরিচয় তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

আনতালিয়ার ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে বসে থাকার সময় চীনা দম্পতির পরিচয় হয় অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সঙ্গে। ভাষাগত পার্থক্য থাকলেও ইংরেজি ও অনুবাদ অ্যাপের সাহায্যে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। একপর্যায়ে আয়সেল চীনা দম্পতিকে নিজের বাড়িতে ঐতিহ্যবাহী তুর্কি নাশতার আমন্ত্রণ জানান।

পরদিন তাদের বাড়িতে গিয়ে খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হন সং ও শু। কথোপকথনের একপর্যায়ে ইসলাম সম্পর্কে নানা প্রশ্ন করেন তারা। তাদের আগ্রহ দেখে আয়সেল পবিত্র কুরআনের একটি কপি উপহার দেন।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে আয়সেল জানান, চীনা দম্পতিকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করা তার উদ্দেশ্য ছিল না। বরং মুসলমানদের ধর্মগ্রন্থ সম্পর্কে জানার সুযোগ করে দিতেই তিনি কোরআন উপহার দিয়েছিলেন।

তুরস্ক ছেড়ে যাওয়ার পরও দুই পরিবারের যোগাযোগ অব্যাহত থাকে। একপর্যায়ে চীনা দম্পতি জানান, কুরআনের উপহার তাদের গভীরভাবে প্রভাবিত করেছে। চীনে ফিরে তারা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তবে যে শহরে তুর্কি পরিবারের সঙ্গে পরিচয় হয়েছিল, সেখানেই ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চেয়েছিলেন তারা।

সেই সিদ্ধান্ত অনুযায়ী আবারও তুরস্কের আনতালিয়ায় ফিরে আসেন এই দম্পতি। আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইমাম ও মুসল্লিদের উপস্থিতিতে তারা ইসলাম গ্রহণ করেন। এ সময় মোইয়ান সংয়ের নতুন নাম রাখা হয় মুহাম্মদ মুরাদ এবং লুওশি শুর নাম হয় লায়লা বাতুল। আট বছর আগে তাদের সম্পন্ন হওয়া বিয়েও কাজি মুহাম্মদ কুশুক ইসলামী রীতি অনুযায়ী নতুন করে সম্পন্ন করেন।

ইসলাম গ্রহণের কারণ জানিয়ে মুহাম্মদ মুরাদ বলেন, বিভিন্ন দেশে ভ্রমণের সময় মুসলমানদের দয়া, সততা ও সুন্দর আচরণ তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। ইসলাম গ্রহণে কেউ তাদের ওপর চাপ প্রয়োগ করেনি; বরং মুসলমানদের জীবনাচরণ ও ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানার আগ্রহ থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

ইসলাম গ্রহণের পর জীবনে মানসিক প্রশান্তি বেড়েছে বলেও জানান তিনি। অন্যদিকে লায়লা বাতুল ধর্মীয় জ্ঞান বাড়াতে চীনা ভাষায় লেখা ইসলামি বই পড়া শুরু করেছেন।

চীনা দম্পতির সঙ্গে তুর্কি পরিবারের সম্পর্ক এখন আর কেবল পরিচিতির মধ্যে সীমাবদ্ধ নেই; তা পারিবারিক বন্ধনে রূপ নিয়েছে। সং ও শু তুর্কি দম্পতিকে দাদা-দাদি বলে সম্বোধন করেন। আবদুর রহমানও তাদের নিজেদের সন্তানের মতো মনে করেন।

তিনি জানান, একদিন মুহাম্মদ মুরাদ তাকে সঙ্গে নিয়ে মসজিদে যাওয়ার অনুরোধ করেন। সেখানে নামাজ আদায়ের সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ ছাড়া তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তর থেকে চীনা দম্পতিকে চীনা ভাষায় অনূদিত তাফসিরসহ পবিত্র কোরআনের কয়েকটি কপি এবং ইসলামী শিক্ষাবিষয়ক বই উপহার দেওয়া হয়েছে। সূত্র: আল-জাজিরা

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ