একজন মহান তাবেঈ ও আরব গোত্রের বিশিষ্ট নেতা ছিলেন আহনাফ ইবনে কায়স (রহ.)। একদিন তিনি বসে ছিলেন। এমন সময় কেউ পবিত্র কোরআনের এই আয়াতটি তিলাওয়াত করলেন,
لَقَدْ أَنزَلْنَا إِلَيْكُمْ كِتَابًا فِيهِ ذِكْرُكُمْ أَفَلَا تَعْقِلُونَ
‘নিশ্চয়ই আমি তোমাদের প্রতি এমন এক কিতাব নাজিল করেছি, যাতে তোমাদের আলোচনা রয়েছে। তবুও কি তোমরা বুঝবে না?’ (সূরা আম্বিয়া, আয়াত: ১০)
আয়াতটি শুনে তিনি চমকে উঠলেন। বললেন, ‘একখান কোরআন নিয়ে এসো। আমি তাতে নিজের আলোচনা খুঁজে দেখব। দেখব, আমি কোন শ্রেণির মানুষের অন্তর্ভুক্ত এবং কার সঙ্গে আমার সাদৃশ্য রয়েছে।’
এরপর তিনি পবিত্র কোরআন খুললেন। পড়তে পড়তে এমন একদল মানুষের সন্ধান পেলেন, যাদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেছেন,
كَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ
‘তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাত। রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। আর তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার ছিল।’ (সূরা যারিয়াত, আয়াত: ১৭-১৯)
এরপর তিনি আরও একদল মানুষের সন্ধান পেলেন। তাদের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
‘তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা থাকে। তারা তাদের প্রতিপালককে ভয় ও আশার সঙ্গে ডাকে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করে।’ (সূরা সাজদা, আয়াত: ১৬)
এরপর আরও একদল মানুষের কথা পড়লেন। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন,
وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا
‘আর যারা তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদা ও দাঁড়িয়ে রাত কাটায়।’ (সূরা ফুরকান, আয়াত: ৬৪)
এরপর এমন কিছু মানুষের সন্ধান পেলেন, যাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاء وَالضَّرَّاء وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
‘যারা সচ্ছলতা ও অসচ্ছলতা উভয় অবস্থায় ব্যয় করে, রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’ (সূরা আলে ইমরান, আয়াত: ১৩৪)
আরও একদল মানুষের সন্ধান পেলেন, যাদের সম্পর্কে বলা হয়েছে,
وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
‘তারা নিজেদের ওপর অন্যদের প্রাধান্য দেয়, যদিও নিজেরা অভাবগ্রস্ত হয়। আর যাদের অন্তরের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে, তারাই সফলকাম।’ (সূরা হাশর, আয়াত: ৯)
এরপর এমন কিছু মানুষের সন্ধান পেলেন, যাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে,
وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ
‘আর যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে এবং যখন রাগান্বিত হয়, তখন ক্ষমা করে দেয়।’ (সূরা শুরা, আয়াত: ৩৭)
সবশেষে এমন একদল মানুষের সন্ধান পেলেন, যাদের পরিচয় তুলে ধরে আল্লাহ তাআলা বলেন,
وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
‘আর যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, নিজেদের কাজকর্ম পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করে।’ (সূরা শুরা, আয়াত: ৩৮)
এ পর্যন্ত এসে আহনাফ ইবনে কায়স (রহ.) থমকে গেলেন। নিজের অবস্থা সম্পর্কে চিন্তা করে বললেন, ‘হে আল্লাহ! আমি তো নিজেকে চিনি। এসব গুণাবলির অধিকারী মানুষের মধ্যে তো আমাকে খুঁজে পাচ্ছি না!’
এরপর তিনি কোরআনের পাতা উল্টিয়ে অন্য একদল মানুষের সন্ধান করতে লাগলেন। এবার এমন কিছু মানুষের সন্ধান পেলেন, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوا آلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍ
‘তাদের অবস্থা ছিল এমন যে, যখন তাদের বলা হতো, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তখন তারা অহংকার করত। আর বলত, একজন উন্মাদ কবির কথায় কি আমরা আমাদের উপাস্যদের ছেড়ে দেব?’ (সূরা সাফফাত, আয়াত: ৩৫-৩৬)
এরপর আরও একদল মানুষের সন্ধান পেলেন। তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ
‘যখন এক আল্লাহর কথা বলা হয়, তখন যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর সংকুচিত হয়ে যায়। আর যখন আল্লাহ ছাড়া অন্যদের কথা বলা হয়, তখন তারা আনন্দে উল্লসিত হয়।’ (সূরা যুমার, আয়াত: ৪৫)
এরপর এমন একদল মানুষের সন্ধান পেলেন, যাদের জাহান্নামে যাওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা বলেন,
مَا سَلَكَكُمْ فِي سَقَرَ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ
‘কীসে তোমাদের জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। অভাবগ্রস্তদের খাবার দিতাম না। অসার আলোচনাকারীদের সঙ্গে আমরাও অসার আলোচনায় লিপ্ত হতাম। আর প্রতিফল দিবসকে অস্বীকার করতাম। অবশেষে আমাদের মৃত্যু এসে উপস্থিত হয়েছে।’ (সূরা মুদ্দাসসির, আয়াত: ৪২-৪৭)
এ পর্যন্ত এসে তিনি কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এরপর দুই কানে হাত দিয়ে বললেন, ‘হে আল্লাহ! আমি এসব মানুষের অন্তর্ভুক্ত হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমি তাদের পথ ও অবস্থা থেকে সম্পূর্ণ মুক্ত।’
এবারও তিনি নিজের পরিচয় খুঁজে পেলেন না। তাই কোরআনের পাতা উল্টাতে থাকলেন। একপর্যায়ে এই আয়াতে এসে থেমে গেলেন,
وَآخَرُونَ اعْتَرَفُواْ بِذُنُوبِهِمْ خَلَطُواْ عَمَلاً صَالِحًا وَآخَرَ سَيِّئًا عَسَى اللّهُ أَن يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللّهَ غَفُورٌ رَّحِيمٌ
‘আর কিছু লোক রয়েছে, যারা নিজেদের পাপ স্বীকার করেছে। তারা সৎকাজের সঙ্গে অসৎকাজও মিশিয়ে ফেলেছে। আশা করা যায়, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা তাওবা, আয়াত: ১০২)
এ আয়াতে পৌঁছে তাঁর মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো,
‘হ্যাঁ, হ্যাঁ! নিঃসন্দেহে এটাই তো আমার অবস্থা!’
অর্থাৎ, তিনি বুঝতে পারলেন, তাঁর জীবনে যেমন ভালো কাজ রয়েছে, তেমনি রয়েছে ভুল ও পাপ। তিনি সেই শ্রেণির মানুষ, যারা নিজেদের ভুল স্বীকার করে এবং আল্লাহর ক্ষমা ও রহমতের প্রত্যাশা করে।
সূত্র: মুহাদ্দিস আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে নাসর মারওয়াজি বাগদাদির (রহ.) গ্রন্থ ‘কিয়ামুল লাইল’)
অনুবাদ: শরিফ হাসানাত
এসএইচ/