আন্তর্জাতিক ডেস্ক
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি রুশ জাহাজ লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণ ঘটে জাহাজটিতে আগুন ধরে গেছে এবং বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল রোববার ভোরের দিকে ঘটেছে এ হামলা। জাহাজটি বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে, একটি নৌঘাঁটির কাছাকাছি নোঙর করা ছিল।
বেনগাজির বন্দরসূত্রে জানা গেছে, ওই জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বরাত সূত্রগুলো আরও জানায়, সামুদ্রিক ড্রোনের পাশপাশি অন্তত ৩টি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও আঘাত হেনেছে জাহাজটিতে।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার ওই জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ।
রোববার ধারণ করা ছবিতে দেখা যায়, জাহাজটির বেশিরভাগ অংশ উল্টে ডুবে গেছে; কেবল সামনের অংশটি (বো) পানির উপরে দৃশ্যমান রয়েছে। জাহাজটির ওপরের কাঠামোর কিছু অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং জেটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ।
বেনগাজি-ভিত্তিক প্রশাসন আগেই জানিয়েছিল যে, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যকার একটি সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি সংগ্রহ ও প্রয়োজনীয় রসদ নেওয়ার জন্য সেখানে নোঙর করেছিল।
রোববার গভীর রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।
এই ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কোনপক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে একই দিন, অর্থাৎ রোববার সন্ধ্যায় বেনগাজি’র বন্দরের অদূরে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে বেনগাজি নগর প্রশাসনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, “বেনগাজি উপকূলের অদূরে বিস্ফোরকবাহী সামুদ্রিক ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক জাহাজের সব নাবিককে উদ্ধার করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।”
এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। রোববার আল-মাসার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ভূমধ্যসাগরীয় এই শহরের উপকূলে নৌ ও বিমান বাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।
আইও/