ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে আল-গোউলা নামের এক বাড়িতে এই হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে সাতজনই শিশু। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এসব তথ্য জানিয়েছে।
এএফপির তোলা ছবিতে দেখা গেছে, গাজা নগরীর শুজাইয়া এলাকার বাসিন্দারা আল-গোউলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন। মাটির ওপর সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে শিশুসহ নিহত ব্যক্তিদের মরদেহ। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা রয়েছেন।
এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে যাওয়ার পথে মানবিক সহায়তা বহরের সঙ্গে থাকা পাঁচজন নিরাপত্তা কর্মকর্তাও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। মাহমুদ বাসাল বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের ওপর হামলা চালাচ্ছে, যেন মানবিক সহায়তার ওপর প্রভাব পড়ে এবং মানুষের দুর্ভোগ বাড়ে।
এর বাইরে গাজার বিভিন্ন স্থানে আরও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজাà