|| আকিদুল ইসলাম সাদী ||
সেদিন সকাল থেকেই মজলিসের পরিবেশ একটু অন্যরকম। ছাত্ররা এসে বসেছে। কেউ অপেক্ষা করছে। কেউ দরজার দিকে তাকাচ্ছে। কিন্তু হাম্মাদ (রহ.) এখনো আসেননি। একজন ছাত্র বলল, মনে হয় আজ হুজুর আসতে পারবেন না।
আরেকজন বলল, তাহলে আজকের মজলিস?
কেউ কিছু বলতে পারল না। কিছুক্ষণ পর কয়েকজন প্রবীণ ছাত্র নু‘মানের দিকে তাকালেন। একজন বললেন, আপনিই মজলিসটি পরিচালনা করুন।
নু‘মান তাদের কথা শুনে চমকে উঠলেন। অবাক কণ্ঠে বললেন, আমি?
—জি। আপনি তো দীর্ঘদিন ধরেই হুজুরের কাছে পড়ছেন। আমাদের বিশ্বাস আপনি এটি পারবেন।
নু‘মান কিছুক্ষণ নীরব থাকলেন। তাঁর মনে হলো, এটি সম্মানের সুযোগ নয়; বরং দায়িত্বের পরীক্ষা। তিনি ধীরকণ্ঠে বললেন, তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি।
একজন ছাত্র প্রশ্ন করল।
নু‘মান মন দিয়ে শুনলেন। তারপর বললেন, আগে পুরো ঘটনাটি বলো। ছাত্রটি ঘটনার বিস্তারিত বলল। নু‘মান বিষয়টি নিয়ে চিন্তা করলেন। তিনি জানতেন, উত্তর দেওয়ার আগে বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। অনেক ভেবে তিনি কিছু দলিল উল্লেখ করলেন। এরপর বললেন, এ বিষয়ে অন্য কোনো মত কেউ জানেন?
একজন ছাত্র একটি ভিন্ন মত তুলে ধরল।
নু‘মান বললেন, তার মতটিও ভালো। আমরা সেটিও বিবেচনা করি। মজলিসে আলোচনা শুরু হলো। কেউ প্রশ্ন করছে। কেউ উত্তর দিচ্ছে। নু‘মান সবাইকে কথা বলার সুযোগ দিচ্ছেন। কোনো বিষয়ে নিশ্চিত না হলে তিনি স্পষ্টভাষায় বলছেন, এ বিষয়ে আমাকে আরও যাচাই করতে হবে।
একজন ছাত্র অবাক হয়ে বলল, আপনি তো উত্তর দিতে পারতেন! দিলেন না কেন?
নু‘মান হেসে বললেন, না জানা অবস্থায় উত্তর দেওয়ার চেয়ে যাচাই করে পরে বলা উত্তম।
মজলিস শেষ হলো। কিছুক্ষণ পর হাম্মাদ (রহ.) এলেন। ছাত্ররা তাঁকে পুরো ঘটনা জানাল। তিনি নু‘মানের দিকে তাকালেন। চোখে ছিল সন্তুষ্টির ছাপ। মুচকি হেসে তিনি বললেন, আজ তুমি একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখেছ।
নু‘মান জিজ্ঞেস করলেন, কী, হুজুর?
—নেতৃত্ব মানে সবার আগে কথা বলা নয়। নেতৃত্ব মানে সঠিক কথা খুঁজে বের করতে সবাইকে সঙ্গে নেওয়া।
নু‘মান মাথা নিচু করলেন। সেদিন তিনি বুঝলেন—একজন শিক্ষক শুধু নিজের জ্ঞান ছাত্রকে দেন না। তিনি ছাত্রকে এমনভাবে তৈরি করেন, যাতে একদিন ছাত্র নিজেও দায়িত্ব নিতে পারে।
সেই দিনটি ছিল নু‘মানের জীবনের গুরুত্বপূর্ণ এক দিন। কারণ, তার পর থেকে তিনি শুধুমাত্র একজন ছাত্র ছিলেন না। তিনি ধীরে ধীরে হয়ে উঠছিলেন—একজন ফকিহ।
এসএইচ/