রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি

‘অন্ধকার ছোট্ট কামরা, মেঝেতে বিছানো চাটাই আর সামান্য খাবার। অথচ এই মানুষটিই গড়ে তুলেছিলেন ঢাকার অন্যতম বৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান। হৃদরোগে আক্রান্ত শরীর নিয়েও ছুটে বেড়াতেন দীনের কাজে। জীবনের শেষ সাক্ষাতে মুসলমানদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আকুতি জানিয়েছিলেন।’

বাংলাদেশের প্রখ্যাত আলেম মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে এভাবেই হৃদয়স্পর্শী স্মৃতিচারণ করেছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানী।

মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. ছিলেন বাংলাদেশের দ্বীনি অঙ্গনের এক প্রভাবশালী ব্যক্তিত্ব। ইলম, আমল, ইখলাস, ত্যাগ ও দীনের প্রতি অকৃত্রিম ভালোবাসায় তিনি সমকালীন আলেমসমাজে বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন। তাঁর ইন্তেকালে শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের আলেমসমাজও হারিয়েছিল একজন নিবেদিতপ্রাণ অভিভাবককে। তাঁর জীবন ও কর্মের এমন কিছু দিক উঠে এসেছে মুফতি মুহাম্মদ তাকী উসমানীর এক স্মৃতিচারণে, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা ও প্রত্যক্ষ সাক্ষাতের বর্ণনায় ফুটে উঠেছে ফরিদপুরী রহ.-এর অনন্য জীবনদর্শন। ‘নুকুশে রফতেগাঁ’ [বাংলা অনুবাদ স্মৃতির মনীষীরা] গ্রন্থে স্থান পেয়েছে লেখাটি।

মুফতি তাকী উসমানী তাঁর স্মৃতিচারণে জানান, মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. অবিভক্ত ভারতের দুই প্রসিদ্ধ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ ও মাজাহিরুল উলুম সাহারানপুরে ইলম অর্জন করেছিলেন। পরবর্তী সময়ে থানাভবনে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর সান্নিধ্যে আধ্যাত্মিক সাধনার গভীর শিক্ষাও লাভ করেন।

জন্মভূমি ফরিদপুর (গোপালগঞ্জ) হলেও দীনি শিক্ষার প্রসার ও খেদমতের স্বার্থে তিনি ঢাকাকে নিজের কর্মস্থল হিসেবে বেছে নেন। লালবাগের কেল্লার পাশে প্রতিষ্ঠা করেন জামেয়া কোরআনিয়া। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি ঢাকার অন্যতম প্রধান দীনি শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। মাদরাসার ব্যবস্থাপনার পাশাপাশি দেশের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল।

তবে তাঁর ব্যক্তিত্বের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি ছিল ব্যক্তিগত জীবনের অনাড়ম্বরতা। যে মানুষটি একটি বৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, নিজের থাকার জন্য তিনি বেছে নিয়েছিলেন মসজিদের এক কোণে ছোট্ট, অন্ধকার ও আসবাবপত্রহীন একটি কামরা। সেখানে ছিল ছোট একটি খাট, আর মেঝেতে বিছানো চাটাই। খাবারেও ছিল না কোনো আয়োজন—এক বাটি ডাল, তরকারি আর তন্দুরি রুটি।

মুফতি তাকী উসমানী লিখেছেন, একবার ঢাকায় গিয়ে ফরিদপুরী রহ.-এর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল তাঁর। তখন তিনি হৃদরোগে আক্রান্ত এবং শারীরিকভাবে বেশ দুর্বল। সাক্ষাতের সময় তাঁর থাকার কক্ষটি দেখে মুফতি তাকী উসমানী বিস্মিত হয়ে যান। তাঁর ভাষায়, যিনি মাদরাসা ও মসজিদের জন্য এত বড় ও প্রশস্ত ভবন নির্মাণ করিয়েছেন, তিনি নিজে থাকেন এমন একটি সংকীর্ণ ও সাধারণ কামরায়!

সেই দৃশ্য দেখে তাঁর মনে পড়ে যায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী—‘তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো, যেন তুমি একজন প্রবাসী কিংবা পথিক।’ ফরিদপুরী (রহ.)-এর জীবন যেন এই নববী শিক্ষারই বাস্তব প্রতিচ্ছবি ছিল।

মুফতি তাকী উসমানীর স্মৃতিচারণে উঠে এসেছে, দীর্ঘদিন নানা রোগে ভুগলেও দীনের খেদমতে ফরিদপুরী রহ.-এর উদ্যম কখনো কমেনি। তিনি ছিলেন হৃদরোগী। একসময় তাঁর পুরো শরীর ফুলে গিয়েছিল। শারীরিক দুর্বলতা ক্রমেই বাড়ছিল। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইসলাম ও মুসলমানদের প্রতি তাঁর ভালোবাসা এবং দীনের সেবার আগ্রহ যেন আরও বেড়ে যাচ্ছিল।

উপমহাদেশের যেকোনো অঞ্চলে আলেমদের উদ্যোগে গুরুত্বপূর্ণ কোনো দীনি বা সামাজিক কর্মসূচি হলে পূর্ব পাকিস্তানের আলেমদের প্রতিনিধিত্বে তাঁর নাম থাকতই। ব্যক্তিগত অসুস্থতা সত্ত্বেও তিনি এসব কাজে অংশ নেওয়ার চেষ্টা করতেন।

তাঁর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল সত্যবাদিতা ও নির্ভীকতা। সমকালীন শাসকদের সঙ্গে তাঁর সুসম্পর্ক থাকলেও দ্বীনের বিষয়ে কোনো আপস করতেন না। ইসলামের বিধান কিংবা ধর্মীয় স্বার্থে আঘাত আসছে মনে করলে শাসকদের সামনেও স্পষ্ট ভাষায় নিজের বক্তব্য তুলে ধরতেন। এ কারণে কখনো কখনো শাসকদের বিরাগভাজনও হয়েছেন। কিন্তু তাঁর বক্তব্যে ব্যক্তিগত স্বার্থ কিংবা রাজনৈতিক উদ্দেশ্য না থাকায় বিরোধীরাও তাঁকে ব্যক্তিগত প্রতিপক্ষ মনে করত না।

ফরিদপুরী রহ. শুধু একজন আলেম ও সংগঠক ছিলেন না, বাংলা ভাষারও একজন উচ্চমানের লেখক ও অনুবাদক ছিলেন। বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে দ্বীনি শিক্ষাকে সহজবোধ্য করে তুলতে তাঁর অবদান ছিল বিশেষভাবে স্মরণীয়। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর কালজয়ী গ্রন্থ ‘বেহেশতী জেওর’ বাংলায় অনুবাদ করেন তিনি। গ্রন্থটি বাংলা ভাষাভাষী মুসলমানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এ ছাড়া থানভী রহ.-এর আরও বহু গুরুত্বপূর্ণ রচনা বাংলায় অনুবাদের কৃতিত্বও তাঁর। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইসলামের প্রয়োজনীয় জ্ঞান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মুফতি তাকী উসমানীর স্মৃতিচারণের সবচেয়ে আবেগঘন অংশটি ফরিদপুরী রহ.-এর সঙ্গে তাঁর শেষ সাক্ষাতের বিবরণ। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পরপরই তাঁর বাবা মুফতি মুহাম্মদ শফী (রহ.) ও মাওলানা ইউসুফ বিন্নুরী রহ. ফরিদপুরী রহ.-এর আমন্ত্রণে পূর্ব পাকিস্তান সফর করেন। মুফতি তাকী উসমানীও তাঁদের সফরসঙ্গী ছিলেন।

ঢাকায় অবস্থানকালে অসুস্থতা সত্ত্বেও ফরিদপুরী রহ. বিভিন্ন সভা ও ঘরোয়া বৈঠকে অংশ নেন। তবে কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট সফরের সময় তিনি শারীরিক কারণে আর যেতে পারেননি। ঢাকায় ফিরে তাঁরা জানতে পারেন, তাঁর অসুস্থতা আরও বেড়েছে। এদিকে মুফতি মুহাম্মদ শফী রহ.-ও অসুস্থ হয়ে পড়ায় সফর সংক্ষিপ্ত করে করাচি ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়।

করাচি ফেরার আগের রাতে ফরিদপুরী রহ. মুফতি তাকী উসমানীর কাছে বার্তা পাঠান। তিনি জানান, দুজনই অসুস্থ; তাই জরুরি কিছু কথা বলতে চান। বাবার কাছে মাওলানা মুফতি মুহিউদ্দীনকে রেখে তিনি লালবাগে ফরিদপুরী রহ.-এর কাছে যান।

সাক্ষাতের সময় ফরিদপুরী রহ. হৃদরোগের কারণে বেশ অসুস্থ ছিলেন। কিন্তু দীর্ঘ সময় ধরে আবেগের সঙ্গে মুসলমানদের পারস্পরিক বিভেদের কথা বলেন। এসব বিভেদ দূর করার জন্য কিছু বাস্তবসম্মত উপায়ও তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা তো কিছুদিনের জন্য অতিথি। আল্লাহ জানেন, আবার সাক্ষাৎ হবে কি না। এখন আপনাদের কাজ করার সময়। আল্লাহর ওয়াস্তে এ বিভেদ নিরসনের চেষ্টা করবেন। এটিই আমাদের সব ব্যাধির মূল কারণ।’

এরপর মুফতি মুহাম্মদ শফী রহ.-এর প্রতি সালাম জানিয়ে বলেন, ঐক্যের যে আহ্বান নিয়ে তিনি অগ্রসর হয়েছেন, তা বর্তমান সময়ের সবচেয়ে বেশি প্রয়োজন। কোনোভাবেই যেন তিনি এই প্রচেষ্টা পরিত্যাগ না করেন।

মুফতি তাকী উসমানী লিখেছেন, সেদিন কেন যেন বারবার তাঁর মনে হচ্ছিল, ফরিদপুরী রহ.-এর সঙ্গে এটিই হয়তো শেষ সাক্ষাৎ। শেষ পর্যন্ত তাঁর সেই আশঙ্কাই সত্য হয়েছিল। প্রায় এক বছর পর আবার ঢাকায় এলেও অসুস্থতার কারণে ফরিদপুরী রহ. তখন ফরিদপুরে অবস্থান করছিলেন। সাক্ষাতের আক্ষেপ নিয়েই তাঁকে ফিরে যেতে হয়।

এর কিছুদিন পর বাবার কাছ থেকে তিনি ফরিদপুরী রহ.-এর ইন্তেকালের সংবাদ পান। তাঁর ভাষায়, এই সংবাদ ছিল অত্যন্ত হৃদয়বিদারক। যাঁর হৃদয় দ্বীন ও মুসলমানদের কল্যাণচিন্তায় সব সময় অস্থির থাকত, তিনি অবশেষে তাঁর প্রকৃত প্রভুর সান্নিধ্যে চলে গেছেন।

স্মৃতিচারণের শেষাংশে মুফতি তাকী উসমানী বলেন, জ্ঞান ও মনীষার জগতে মানুষের অভাব কখনো হয় না। কিন্তু ইসলাম ও দ্বীনের প্রতি সঠিক প্রেরণাসম্পন্ন মানুষ অত্যন্ত দুর্লভ। এ বিবেচনায় মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর ইন্তেকাল মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি আশা প্রকাশ করেন, ফরিদপুরী রহ.-এর আলেম সন্তানরা বাবার দ্বীনি মিশন এগিয়ে নেবেন এবং তাঁর জন্য পরকালের পাথেয় হবেন।

মুফতি তাকী উসমানীর এই স্মৃতিচারণে মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ.-এর জীবনের যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে, তা কেবল একজন আলেমের জীবনী নয়; বরং ইখলাস, আত্মত্যাগ, নির্ভীকতা ও দ্বীনের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক অনুকরণীয় পাঠ।

সূত্র: স্মৃতির মনীষীরা, অনুবাদ: জহির উদ্দিন বাবর

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ