নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে চরমোনাইয়ের ২৬ নভেম্বরের মাহফিল উপলক্ষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নাম ব্যবহার করে একটি পোস্টার প্রচার করা হচ্ছে। তবে পোস্টারটির সঙ্গে পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, পোস্টারটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি ছড়িয়ে পড়ার পর রোববার (১৫ নভেম্বর) এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিষদের পক্ষ থেকে এ ধরনের কোনো পোস্টার তৈরি, প্রকাশ কিংবা প্রচার করা হয়নি। এ বছর চরমোনাইয়ের মাহফিলে পরিষদের আনুষ্ঠানিক অংশগ্রহণের কোনো ঘোষণাও দেওয়া হয়নি। প্রতিবছর অনেক আলেম মাহফিলে অংশ নিলেও সেটিকে পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই।
পরিষদ মনে করছে, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্টার তৈরি ও প্রচার করেছে। এর মাধ্যমে সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি চরমোনাইয়ের মাহফিলকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে পরিষদের সর্বস্তরের দায়িত্বশীল, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে পোস্টারটি দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এটিকে পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা মনে করে প্রচার বা শেয়ার না করা এবং যাচাই-বাছাই ছাড়া কোনো অপপ্রচারে অংশ না নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া বিষয়টি সম্পর্কে অন্যদের সচেতন করার পাশাপাশি ধর্মীয় অঙ্গনের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। কোনো মহল যেন মিথ্যা তথ্য ছড়িয়ে আলেম-ওলামা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
আইও/