আওয়ার ইসলাম ডেস্ক
স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্দত পালনকালে সাজসজ্জা ও সৌন্দর্যচর্চা থেকে বিরত থাকা জরুরি। ফিকহের পরিভাষায় একে ইহদাদ তথা শোকপালন বলা হয়। অলংকার পরা, সুগন্ধি ব্যবহার করা, মেহেদি লাগানো, সুরমা ব্যবহার করা এবং সাজসজ্জা করা এর অন্তর্ভুক্ত। রাসুল (সা.) বলেন, যে নারীর স্বামী মারা গেছে, সে উসফুর রঞ্জিত (উসফুর এক ধরনের উদ্ভিদ, যা থেকে লাল রং তৈরি হয়) পোশাক ও লাল মৃত্তিকায় রঞ্জিত পোশাক পরবে না, অলংকার পরবে না, মেহেদি লাগাবে না এবং সুরমা ব্যবহার করবে না। (সুনানে আবু দাউদ,হাদিস: ২৩০৪)
ফকীহ আলাউদ্দিন সামরকন্দী (রহ.) বলেন, শোকপালন হলো নারীরা যে সকল উপায়ে সাজসজ্জা করে, সেগুলো থেকে বিরত থাকা। যেমন সুগন্ধি ব্যবহার করা, রঙিন পোশাক পরা, কুসুম ও জাফরান দিয়ে সুগন্ধিযুক্ত পোশাক পরা, সুরমা ব্যবহার করা, তেল ব্যবহার করা, চুল আঁচড়ানো, অলংকার পরা, মেহেদি লাগানো ইত্যাদি। তবে যদি তার কাছে রঙিন পোশাক ছাড়া অন্য কোনো পোশাক না থাকে, তাহলে তা পরতে কোনো অসুবিধা নেই। তবে সাজসজ্জার উদ্দেশ্য থাকতে পারবে না।