কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মাদরাসা মিলনায়তনে সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সহসভাপতি মাওলানা রমজান আলী। সভা পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম।
আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিতব্য ৬০ বছর পূর্তি সম্মেলন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে স্থানীয় মানুষের সহযোগিতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসা দীর্ঘ ছয় দশক ধরে এলাকায় দ্বীনি শিক্ষার বিস্তার ও আদর্শ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির গৌরবময় পথচলার ৬০ বছর পূর্তি স্মরণীয় করে রাখতে দল-মতনির্বিশেষে সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ সময় তারা সম্মেলন সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও মাদরাসার সাবেক শিক্ষার্থী মাওলানা ফজলুর রহমান, তাড়াইল উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও মাদরাসার কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি মো. বায়েজিদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির মো. হাবিবুর রহমান ভূঁইয়া, মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা মতিউর রহমান, গালফ ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাওলানা বজলুর রহমান, মুফতি আজিজুল হক কাসেমী, ইছাপশর দারুল মা'আরিফ মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা, দারুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মাওলানা আবদুল গণী, মাওলানা এরশাদ, হাফেজ দিদার, মাওলানা শফিকুল ইসলাম এবং দারুস সালাম মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া বোরগাঁও, বেলংকা ও ইছাপশর এলাকার বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন। এতে এলাকার সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।
আইও/