কিশোরগঞ্জ প্রতিনিধি
অতীতের সব রেকর্ড ছাড়িয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। ১৪৬ দিন পর দানবাক্সগুলো খুলে এই বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। এ ছাড়া মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। এ সময় পাওয়া যায় রেকর্ড ৫১ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দোতলায় এসব টাকা নেওয়া হয়। সেখানে শুরু হয় গণনার কাজ।
টাকা গণনায় অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। সব মিলিয়ে প্রায় ৬০০ জন এ কাজে অংশ নেন।
শনিবার রাত পৌনে ৯টায় কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব মো. কামরুল হাসান মারুফ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। সে সময়ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এবার আগের সেই রেকর্ডও ছাড়িয়ে গেল দানের পরিমাণ।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দানবাক্সে পাওয়া অর্থ পাগলা মসজিদের উন্নয়ন ও পরিচালনার পাশাপাশি জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় ব্যয় করা হয়। এ ছাড়া বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজেও এসব অর্থ ব্যবহার করা হয়।
এদিকে পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’ নামের এ স্থাপনা নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। কমপ্লেক্সটি নির্মিত হলে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। শিগগিরই এর নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
আইও/