শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’ জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে

মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস, বীরত্ব ও শৌর্যের প্রতীক। তবে স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা রুখে দিয়েছিল। ওই দিনের ‘পরাজিত অপশক্তি’ মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাযজ্ঞ ঘটিয়েছিল। ওই হত্যাকাণ্ডের পর বাংলাদেশকে কী পরিণতি ভোগ করতে হয়েছিল, তা দেশবাসীর জানা বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন বলে মন্তব্য করেন তিনি।

সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনী মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই দিনটির স্মরণে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর গড়ে ওঠার ইতিহাস একই সূত্রে গাঁথা বলেও উল্লেখ করেন তিনি।

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে স্বাধীনতাকামী মানুষের ওপর হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহের ঘোষণা দেন। এরপর তিনি রেজিমেন্টে ফিরে বাংলাভাষী কর্মকর্তা ও সৈনিকদের জড়ো করেন এবং ওই রাতেই সশস্ত্র সংগ্রামের নির্দেশ দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন।

মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণা করে তারেক রহমান বলেন, তার মা জীবনের বেশির ভাগ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর যে অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন, সেটিই ছিল তার জীবনের শেষ অনুষ্ঠান বলে। এসময় মায়ের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান ছেলে তারেক রহমান।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ